বিলে ডুবে কলেজছাত্রের মৃত্যু
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তামারহাজীবিল গ্রামে বিলের পানিতে ডুবে সালাউদ্দিন শেখ (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন বোয়ালমারী শাহ জাফর টেকনিক্যাল কলেজের এইচএসসি (বিএম) প্রথম বর্ষের ছাত্র। তার বাবার নাম মোহাম্মদ আলী শেখ।
ওই এলাকার বাসিন্দা এস এস নুরুল ইসলাম বলেন, সকাল ছয়টার দিকে সালাউদ্দিন তালের ডোঙায় (তালগাছ দিয়ে বানানো ছোট নৌকা) করে বিলে ঘাস কাটতে যায়। সকাল সাতটার মধ্যে তার ফিরে আসার কথা থাকলেও আটটা নাগাদ সে ফেরেনি। তখন পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। সকাল সাড়ে আটটার দিকে বিলের পানি থেকে সালাউদ্দিনকে তোলা হয়। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাঁরা গভীরভাবে শোকাহত।