বিলে নেমে নিখোঁজ দুই কলেজছাত্র, উদ্ধার হয়নি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাস বিলে গোসল করতে নামা দুই কলেজছাত্রকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা যায়নি।
রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল বেলা দুইটা পর্যন্ত অভিযান চালানোর পরও তাঁদের উদ্ধার করতে পারেনি।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আলম ও নিখোঁজ ছাত্রদের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে কাজীপাড়া এলাকায় পুনর্ভবা নদী থেকে রামদাস বিলে ঢোকা পানির তীব্র স্রোতের মুখে অবস্থিত একটি সেতুর কাছে গোসল করার সময় চারজন তলিয়ে যায়। এদের মধ্যে দুজন ডাঙায় উঠতে সক্ষম হলেও অন্য দুজন নিখোঁজ হয়। তারা হলো রহনপুর পৌর এলাকার ডাকবাংলা পাড়ার শফিকুল ইসলামের ছেলে ইভান (১৭) এবং মাদ্রাসাপাড়ার জাইদুল ইসলামের ছেলে মৃদুল হাসান জিকো (১৭)। তারা দুজনেই রহনপুর ইউসুফ আলী কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।