বিলে ফিরল শামুকখোল

বগুড়ার শেরপুর উপজেলায় অসুস্থ একটি শামুকখোল পাখিকে চিকিৎসা শেষে মহিষমাটি বিলে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘স্বাধীন জীবন’-এর কর্মীরা গতকাল সোমবার বেলা ১১টায় এ পাখিটি অবমুক্ত করেন।
কালিয়াকৈর গ্রামের মহিষমাটি বিলে পাখিটি ছাড়ার সময় জানা যায়, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল গ্রাম থেকে ৭ মে সন্ধ্যায় শামুকখোল পাখিটি পরিবেশবাদী কর্মীরা উদ্ধার করেন। দুজন পাখি শিকারির হাতে ধরা পড়া ওই পাখিটি তখন আহত ছিল। এরপর স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শে ১৫ দিন ধরে পাখিটির চিকিৎসা করা হয়।
স্বাধীন জীবনের নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, এই পাখিটি লক্ষ্য করে শিকারিরা বাটুল (গুলতি) ছুড়ে মারে। এতে পাখিটি ডান পাখায় আঘাত পেয়ে মাটিতে পড়ে যায়। পাখিটির ওজন প্রায় তিন কেজি।
পাখি অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন স্থানীয় কলেজশিক্ষক আবদুল কাইয়ুম। তিনি বলেন, খাবারের খোঁজে প্রতিদিন শামুকখোল পাখি স্থানীয় বিলগুলোতে আসে। শেরপুরের সীমাবাড়ী ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অন্তত আটটি বিল রয়েছে। এসব বিলে শিকারিরা পাখি শিকার করতে আসে।
সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী বলেন, জীববৈচিত্র্য রক্ষায় স্বাধীন জীবন সংগঠন স্থানীয় ব্যক্তিদের নানাভাবে সচেতন করছে।