বিলে বাঁধ দিয়ে আ.লীগ কর্মীদের মাছ চাষ
রাজশাহীর বাগমারা উপজেলায় আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে কালভার্টের মুখ বন্ধ করে ও বিলে বাঁধ দিয়ে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে। বাঁধ দিয়ে মাছ চাষের কারণে প্রায় দেড় হাজার বিঘা জমিতে পানি পাচ্ছেন না কৃষক।
কালভার্টের মুখ খুলে দেওয়ার দাবিতে কৃষকেরা গত ২৮ আগস্ট বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন। তবে আওয়ামী লীগের কর্মীরা দাবি করছেন, তাঁরা কৃষকদের অনুমতি নিয়ে মাছ চাষ করেছেন।
রাজশাহীর জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর, কৃষি বিভাগসহ বিভিন্ন দপ্তরে দেওয়া কৃষকদের লিখিত অভিযোগ থেকে জানা গেছে, চলতি বর্ষা মৌসুমের শুরুতে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন কর্মী উপজেলার চানপাড়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের উত্তর ও দক্ষিণ পাশে নির্মাণ করা দুটি কালভার্টের মুখ বালু ও মাটিভর্তি বস্তা ফেলে বন্ধ করে দেন। পরে তাঁরা চানপাড়া ও তক্তপাড়া বিলের কিছু অংশে বাঁশের বেড়া ও মাটির বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করেন। প্রভাবশালী হওয়ায় কৃষকেরা তাঁদের মাছ চাষে বাধা দিতে পারেননি। তাঁদের মাছ চাষের জন্য বিলের আশপাশের ভবানীগঞ্জ, দানগাছি, তক্তপাড়া, কালাপাড়া, দাসপাড়া, সাঁকোয়াসহ প্রায় ১০ গ্রামের কৃষকেরা বিপাকে পড়েছেন।
কৃষক আবুল কাশেম, ইয়াছিন আলী, মুনসুর রহমান, মিজানুর রহমানসহ আরও অনেকে জানান, বর্ষা মৌসুমে বিলের পানি চানপাড়া খাল দিয়ে ফর্কিনী নদী ও আত্রাই অভিমুখে চলে যায়। এ জন্য কৃষকেরা সহজে চাষাবাদ করতে পারেন। কিন্তু কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় বিলের চারপাশের পানি নিষ্কাশন হতে পারেনি। এবার দেড় হাজার বিঘা জমিতে আমনসহ বিভিন্ন চাষাবাদ ব্যাহত হয়েছে। এ ছাড়া এবার মাছ চাষ করায় বিলের নিম্নাঞ্চলে রবিশস্য চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গত রোববার সরেজমিনে দেখা যায়, কালভার্ট দুটির মুখ বস্তা ফেলে বন্ধ রাখা হয়েছে। বিলের চানপাড়া অংশে পানি না থাকলেও তক্তপাড়া অংশে টলমল পানি দেখা যায়। চানপাড়ায় বাঁশের বেড়া ও তক্তপাড়ায় মাটির বাঁধ দিয়ে ঘিরে সেখানে মাছ চাষ করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, তিন বছর আগে থেকে চানপাড়া অংশে আওয়ামী লীগের কর্মীরা মাছ চাষ করলেও এবার প্রথম তক্তপাড়া অংশে মাছ চাষ শুরু করেছেন। এই মাছ চাষের সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় ১৭ কর্মী জড়িত।
চানপাড়ার বাসিন্দা ও ভবানীগঞ্জ পৌরসভার কাউন্সিলর আবদুর রহিম জানান, মাছচাষিরা সবাই ক্ষমতাসীন দলের প্রভাবশালী কর্মী। তাঁদের বাধা দিয়ে বিপদ ডেকে আনতে কে যাবে।
এ ব্যাপারে আবদুস সালাম, শাহীনুর রহমান, আবুল কালাম ও শাহাদত হোসেন নিজেদের আওয়ামী লীগের সক্রিয় কর্মী দাবি করে জানান, তাঁরা কৃষকদের অনুমতি নিয়েই কালভার্টের মুখ বন্ধ করে বিলে মাছ চাষ করছেন। এই মাছ চাষে কৃষকদের কোনো ক্ষতি হয়নি বলে তাঁরা দাবি করেন।
মারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসলাম আলী বলেন, ‘যাঁরা মাছ চাষ করছেন, তাঁরা সবাই আওয়ামী লীগের কর্মী। আর এই মাছ চাষ নিয়ে সমস্যা হচ্ছে বলে শুনেছি।’
উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদি হাসান জানান, এ ঘটনায় এলাকাবাসী লিখিত অভিযোগ দিয়েছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে রোববার ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। অচিরেই তদন্ত প্রতিবেদন ইউএনওর কাছে জমা দেওয়া হবে।