বিলে মাছ ধরা নিয়ে আ.লীগে উত্তেজনা
নাটোরের গুরুদাসপুরে হাঁড়িভাঙ্গা বিল দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে এক সপ্তাহ ধরে উত্তেজনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত রোববার দুপুরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটটি জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিলে মাছ ধরাকে কেন্দ্র করে জাল পুড়িয়ে দেওয়ার ঘটনায় আওয়ামী লীগের নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাংসদ আবদুল কুদ্দুস এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলীর সমর্থকদের মধ্যে রোববার সন্ধ্যায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মেয়র শাহনেওয়াজ পক্ষের শেখ ফরিদের নেতৃত্বে রোববার দুপুরে বিলের পানি বের হওয়ার উৎসমুখের জলকপাটে সোঁতিজাল পেতে মাছ ধরছিলেন তাঁর সমর্থকেরা। এ সময় সাংসদ পক্ষের লোকজন ওই জাল তুলে তাঁদের জাল পাতার চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল থেকে তাঁদের জালগুলো জব্দ করেন। তা ছাড়া সাংসদের পক্ষের সমর্থকদের প্রতিবাদের মুখে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা পুলিশ মেয়র-সমর্থকদের পাতা জাল কেটে ভাসিয়ে দেয়। এতে আবারও উত্তেজনার সৃষ্টি হলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, হাঁড়িভাঙ্গা বিলের প্রায় ৩০০ হেক্টর জলাশয়ে প্রায় ৭০ লাখ টাকার মাছ রয়েছে। ওই মাছ ধরাকে কেন্দ্র করেই প্রতিবছর আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের মধ্যে বিবাদ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন আক্তার বলেন, পরিস্থিতি সামাল দিতে থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মেয়র শাহনেওয়াজ বলেন, এলাকার মৎস্যজীবীদের পক্ষ থেকে তাঁর সমর্থক ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ মাছ ধরার কাজে সহযোগিতা করছিলেন। এ সময় প্রশাসন অন্যায়ভাবে জালগুলো আটক করে পুড়িয়ে দেয়।
সাংসদ আবদুল কুদ্দুস মুঠোফোনে বলেন, তাঁর কোনো সমর্থক মাছ ধরার সঙ্গে জড়িত নয়।