বিলে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু
রাজশাহীর মোহনপুর উপজেলার গোপইল গ্রামের পশ্চিম বিলে শাপলা তুলতে গিয়ে আজ শনিবার সকালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহত দুই শিশু হচ্ছে গোপইল গ্রামের নায়েব সরদারের ছেলে মমিনুল ইসলাম (৯) ও আনারুল ইসলামের মেয়ে খাদিজা খাতুন (১০)। মমিনুল গোপইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে এবং খাদিজা একই বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ বলেন, মমিনুল ও খাদিজা ছাড়াও নবিউল ইসলাম (১২) ও নাসিমা আখতার (৬) সকাল ১০টার দিকে তালগাছের তৈরি ডুঙ্গায় করে বিলে শাপলা ফুল তুলতে যায়। ডুঙ্গা ডুবে গেলে নবিউল নাসিমাকে টেনে নিয়ে বিলের পাড়ে আসলেও মমিনুল ও খাদিজা পানিতে ডুবে যায়। পরে নবিউল ও নাসিমার চিৎকারে বিলের লোকজন গিয়ে মমিনুল ও খাদিজাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশু দুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।