বিলেট আমদানিতে শুল্ক বাড়ানোর দাবি ব্যবসায়ীদের
বর্তমানে প্রতি টন বিলেট আমদানির শুল্ক তিন হাজার ৫০০ টাকা। তবে এ পর্যায়ে কোনো ধরনের মূসক (মূল সংযোজন কর) না থাকায় দেশীয় স্টিল ও রি-রোলিং শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এমনটা দাবি করে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ রক্ষায় স্টিল ও রি-রোলিং মিলের মালিকেরা বিলেট (রড তৈরির কাঁচামাল) আমদানিতে শুল্ক বাড়িয়ে টনপ্রতি সাড়ে পাঁচ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন।
বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশন, স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশন, রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের নেতারা আজ মঙ্গলবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠকে এ দাবি জানান।
শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিন, অটো রি-রোলিং সমিতির চেয়ারম্যান শেখ মাসাদুল আলম মাসুদ, স্টিল মিল ওনার্স সমিতির চেয়ারম্যান শেখ ফজলুর রহমান, রি-রোলিং মিলস সমিতির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ তিন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী নেতারা দেশীয় শিল্পের স্বার্থ রক্ষায় বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এ সময় তাঁরা স্ক্র্যাপ ও স্পঞ্জ আয়রন আমদানির ক্ষেত্রে টনপ্রতি নির্ধারিত অগ্রিম আয়কর ৮০০ টাকা এবং লিমিটেড কোম্পানির ক্ষেত্রে স্থানীয়ভাবে সংগ্রহ করা কাঁচামালের ওপর শতকরা ৪ ভাগ উেস মূসক দেওয়ার বিধানটি বাতিলের জন্য শিল্পমন্ত্রীর কাছে দাবি জানান। নেতারা জানান, দেশেই এখন আন্তর্জাতিক মানের স্বয়ংক্রিয় রি-রোলিং কারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় বিশ্বমানের বিলেট তৈরি হচ্ছে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, অটো রি-রোলিং শিল্পসহ সব ধরনের দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষায় সরকার সাধ্যমতো নীতি সহায়তা দেবে। তিনি বলেন, স্টিল ও রডের গুণগতমানের ওপর নির্মাণকাজের স্থায়িত্ব নির্ভর করে। রড উত্পাদনে গুণগতমানের ঘাটতি থাকলে তা জানমালের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকির কারণ হতে পারে বলে সতর্ক করেন তিনি।
স্টিল ও রড উত্পাদনের ক্ষেত্রে মানের বিষয়ে কোনো ধরনের আপস না করার জন্য শিল্প মালিকদের দৃষ্টি আকর্ষণ করেন শিল্পমন্ত্রী। উদীয়মান দেশীয় স্টিল ও রি-রোলিং শিল্পের সুরক্ষায় আমদানি করা বিলেটে অধিক শুল্ক আরোপের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হবে বলে তিনি জানান।