বিলেতের পথে বাংলাদেশের আম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকের মতো আম রপ্তানিতেও বাংলাদেশ বিশ্ববাজারে স্থান করে নেবে। তবে এ জন্য কৃষকদের আমের মধ্যে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার বন্ধ করতে হবে। স্বাস্থ্যসম্মতভাবে ও আন্তর্জাতিক মান বজায় রেখে আম চাষ করতে হবে।
গতকাল রোববার রাজধানীর খামারবাড়ির গিয়াসউদ্দিন মিল্কী মিলনায়তনে বাংলাদেশ থেকে আম রপ্তানি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বিশ্বের সবচেয়ে বড় খুচরা পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ওয়ালমার্টের উদ্যোগে গতকাল বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের লন্ডনে (বিলেত) আমের প্রথম চালান রওনা হলো। এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ও হর্টেক্স ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা বিশ্ববাজারে বাংলাদেশের আমের বেশ সম্ভাবনা রয়েছে, এই মতামত তুলে ধরে সরকারের তরফ থেকে আমচাষিদের আরও সহায়তা দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক শুভাশিস বোস বলেন, বাংলাদেশের রপ্তানিরপণ্যের মধ্যে এখন শীর্ষে রয়েছে তৈরি পোশাক। মোট রপ্তানিপণ্যের মধ্যে কৃষিজাত পণ্য মাত্র ২ শতাংশ। আগামী কয়েক বছরের মধ্যে তা ৫ শতাংশে পরিণত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি বলেন, আম রপ্তানি এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে পারে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার বিভাগের পরিচালক সুনীল চন্দ্র ধর দেশের ২৫টি উপজেলার চাষিদের আম চাষে সহায়তা দেওয়া হচ্ছে উল্লেখ করে বলেন, এখন পার্বত্য চট্টগ্রামের সাজেকের মতো এলাকাতেও আম চাষ হচ্ছে। বাংলাদেশের আম বিশ্ববাজারে শক্ত স্থান করে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এফএও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাইক রবসন বাংলাদেশ থেকে আম রপ্তানি শুরু হওয়ার ঘটনাকে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করে বলেন, ‘এই ঘটনায় আমি অভিভূত।’
হর্টেক্স ফাউন্ডেশনের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ সালেহ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হর্টেক্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জলিল ভূঁইয়া।