বিলের খনন অসমাপ্ত রেখেই কাজ গুটিয়ে নিলেন ঠিকাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভাকুড়া বিলের খনন অসমাপ্ত রেখেই ঠিকাদার কাজ গুটিয়ে নিয়েছেন। এতে খননকাজ অনিশ্চিত হয়ে পড়ায় দুশ্চিন্তায় পড়েছেন বিলের শত শত সুবিধাভোগী।
মৎস্য অধিদপ্তরের পঞ্চগড়ের উপসহকারী প্রকৌশলী মো. মতিয়ার রহমান বলেন, ২০১৫-১৬ অর্থবছরে রংপুর বিভাগীয় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় পীরগঞ্জ উপজেলার ভাকুড়া বিলের ১০ দশমিক ৫৯ একরের মধ্যে ৭ দশমিক ৪৮ একর জমিতে খননকাজের দরপত্র হয়েছে। প্রায় ২৯ লাখ টাকা মূল্যের ওই খননকাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান রংপুরের ‘মেসার্স জননী এন্টারপ্রাইজ’।
বিলের পাশের গ্রামের কয়েকজন সুবিধাভোগী বলেন, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বিলের দক্ষিণ দিক থেকে খননযন্ত্রের মাধ্যমে ঠিকাদার খনন শুরু করেন। ৮-১০ দিন পর দেখা যায়, নালার মতো চওড়া জায়গাজুড়ে মাটি কাটা হচ্ছে। এতে লোকজন প্রতিবাদ জানান। বিলের জমি বের করে, সীমানা চিহ্নিত করে দেওয়ার দাবি ওঠে। বিভিন্ন গ্রামের ৯১ জন সুবিধাভোগীর ১৯ এপ্রিলের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সারওয়ার মোর্শেদ ৮ মে সার্ভেয়ার পাঠিয়ে বিলের মূল জমি বের করে তাতে লাল পতাকা গেড়ে দেন। এতে বিলের প্রকৃত পরিমাণ জমি বের হলেও গত মঙ্গলবার খননযন্ত্রটি ফিরিয়ে নিয়ে যান ঠিকাদারের লোকজন।
চণ্ডীপুর গ্রামের সহিদুল ইসলাম ও ভাকুড়া গ্রামের শামসুল হকসহ কয়েকজন মৎস্যজীবী বলেন, ‘বিলটি খনন করার চেয়ে না করাই ভালো ছিল। এখন ঠিকাদার যে অবস্থা করল, তাতে আর বিল থাকল না। এটা হয়ে গেল একটি খাল। আমরা এখন মাছ ধরব কোন বিল থেকে?’
এদিকে বিলের আশপাশের ভাকুড়া, চণ্ডীপুর ও বেগুনগাঁও গ্রামের ২০ জন সুবিধাভোগী ১৪ মে মৎস্য অধিদপ্তর রংপুর বিভাগের উপপরিচালকের কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনে বলা হয়, সীমানা চিহ্নিত পুরো জমিতে প্রয়োজনীয় মাপে খননকাজ না করেই কাজ গুটিয়ে নিয়েছেন ঠিকাদার। অথচ খননকাজ বুঝে নেওয়ার দায়িত্বে নিয়োজিত উপজেলা মৎস্য কর্মকর্তাকে একাধিকবার অনুরোধ জানানোর পরও তিনি এক দিনও বিল এলাকা পরিদর্শনে আসেননি।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা বলেন, ‘আমার কাছে বিল খননকাজের সব তথ্য নেই, তাই আমি বিলে যাইনি।’
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জননী এন্টারপ্রাইজের মালিক মো. সাথিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘সেখানে মাটি খননের পরিবেশের ঘাটতি আছে। প্রশাসন সীমানা চিহ্নিত জায়গা পর্যন্ত মাটি কাটার পরিবেশ করে দিলে মাটি কাটতে আমার কোনো আপত্তি নেই।’
বিল খনন তদারককারী মৎস্য অধিদপ্তরের পঞ্চগড়ের উপসহকারী প্রকৌশলী মতিয়ার বলেন, ‘বিল খননটা চলমান কাজ। শিডিউল মোতাবেক কাজ করতেই হবে। কাজ বুঝে নেওয়ার জন্য বিভিন্ন স্তরের একাধিক কর্মকর্তা রয়েছেন। কাজ পুরো না হলে ঠিকাদার বিল পাবেন না।’