বিলের জমি দখলের মহোৎসব
আওয়ামী লীগের দুই নেতাসহ তিনজন ঝিনাইদহের মহেশপুরের দোবিলা বিলের প্রায় ২০ একর জমি দখল করে পুকুর খনন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় কিছু মানুষ ওই বিলের ৬০ একর জমি গত সোমবার দখল করে নিয়েছেন। বিলের জমি দখল করে পুকুর কাটার ব্যাপারে যাঁদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাঁরা হলেন: মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া, মহেশপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক ও স্থানীয় শাহজাহান আলী। এলাকাবাসী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতা এমদাদুল হকের বাবা সিএস রেকর্ডের সময় (ষাটের দশক) দোবিলা বিলের ২২২ একর ১৪ শতক জমির মধ্যে ২০ একর জমি রেকর্ড করে নেন। ১৯৭৪ সালে বিল-তীরবর্তী নওদা গ্রামের ২২ জনের কাছে বিলের উত্তর-পশ্চিম পাশের সেই জমি বিক্রি করে দেন। কিন্তু ক্রেতারা এসব জমি রেকর্ড করতে পারেননি। এ সুযোগে তাঁর ছেলে এমদাদুল বিলের দক্ষিণ প্রান্তের অন্য ২০ একর জমি নিজের দাবি করে তা খালিশপুরের নুরুজ্জামান ও জুগিহুদা গ্রামের শাহজাহান আলীর কাছে বিক্রি করেন। এখন ওই ক্রেতাদের নিয়ে তিনি সেই জমিতে পুকুর কাটছেন। আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে পুকুর কাটতে দেখে বিল-তীরবর্তী গ্রামের কয়েক শ মানুষ সোমবার বিলের আরও ৬০ একর জমি দখল করে নিয়েছেন। তাঁরা জমি দখল করে সীমানা আইল তৈরি করে দিয়েছেন। বিলের জমি দখলে নিয়েছেন এমন কয়েকজন জানান, সৈয়দপুর, নওদাগ্রাম, বলিভদ্রপুর, আজমপুর, মালাধরপুর, মাঙ্গিরপাড়া, আদমপুর, হোগলডাঙ্গা, কাদবিলাসহ পাশের গ্রামগুলোর দরিদ্র মানুষ বর্ষার সময় বিলে মাছ ধরেন আর বাকি সময় চাষাবাদ করেন। কয়েক দিন ধরে আওয়ামী লীগের নেতা নুরুজ্জামান মিয়া, এমদাদুল হক ও তাঁদের সহযোগী শাহজাহান আলীকে ২০ একর জমি দখল করতে দেখে তাঁরাও জমি দখল করেছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিলের প্রায় ২০ একর জমি দখল করে পুকুর তৈরি করা হচ্ছে। শ্রমিকেরা মাটি কেটে পুকুরের পাড় তৈরি করছেন। এর পেছনে শত শত মানুষ মহড়া দিয়ে জমি দখল করছে। আওয়ামী লীগের নেতা এমদাদুল হক জানান, এর আগে তাঁর বাবা এই জমি বিক্রি করেছেন কি না, তা তাঁর জানা নেই। তিনি সিএস রেকর্ডে বাবার নামে জমি পেয়েছেন, তাই বিক্রি করেছেন। আর যাঁদের কাছে বিক্রি করেছেন, তাঁদের সঙ্গে নিয়ে পুকুর কাটছেন। এর আগে বিলের ২০ একর জমিতে কেউ দখলে থাকলে তা সরকার বুঝবে। নুরুজ্জামান মিয়া জানান, যাঁদের ক্রয় বৈধ হবে, তাঁরাই জমি পাবেন। এ ক্ষেত্রে সরকারি লোকজন বুঝিয়ে দেওয়ার আগেই কীভাবে পুকুর কাটছেন? জানতে চাইলে তিনি বলেন, তাঁরা উপজেলা ভূমি কার্যালয়ে জমি মাপ দিয়ে সীমানা নির্ধারণ করার আবেদন করেছেন। মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান জানান, বিলের জমির মধ্যে ২০ একর এর আগে ব্যক্তিমালিকানায় চলে গেছে। তবে তাঁরা সীমানা নির্ধারণ করে দেওয়ার পর ওই জমির দখল নিতে হবে। এ ছাড়া কেউ বিলের জমি দখলে নিলে তা অবৈধ বলে বিবেচনা করা হবে। তিনি আরও বলেন, আপাতত পুকুর কাটা ও খুঁটি পুঁতে দখল নেওয়ার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ এই আদেশ অমান্য করলে মামলা দেওয়া হবে।