বিলের দখল নিয়ে আ.লীগ ও যুবলীগ মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার হাড়িভাঙ্গা বিলের দখল নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। গত সোমবার এ নিয়ে এই দুই সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে উপজেলা ও পৌর আওয়ামী লীগ রাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবলীগের কার্যক্রম স্থগিত করে এলাকায় মাইকিং করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী মোল্লার ভাই আবদুস সালাম মোল্লার নেতৃত্বে ২৫-৩০ জন হাড়িভাঙ্গা বিলের দখল নিতে যান। বিষয়টি জানতে পেরে উপজেলা যুবলীগের সভাপতি আলাল শেখ ও পৌর যুবলীগের সভাপতি তাহের সোনারের নেতৃত্বে তিন শতাধিক লোক সেখানে গিয়ে বিলটি পাল্টা দখলের চেষ্টা চালান। এ নিয়ে উভয় সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে গুরুদাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা সন্ধ্যায় শহরের চাঁচকৈড় বাজারের দলীয় কার্যালয়ে জরুরি সভা করেন। সভায় আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৫-এর ১(ক) ধারা অনুযায়ী যুবলীগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাতেই এলাকায় যুবলীগের কার্যক্রম স্থগিতের বিষয়ে মাইকিং করা হয়। আওয়ামী লীগের নেতা শাহনেওয়াজ আলী জানান, যুবলীগ এলাকায় নানা অপরাধমূলক কাজ করছে। সর্বশেষ তারা প্রায় অর্ধকোটি টাকার মাছ ধরতে হাড়িভাঙ্গা বিলের দখল নিতে যায়। এ কারণে যুবলীগকে প্রতিহত করা হয়েছে এবং তাঁদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি আলাল শেখ দাবি করেন, আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ আলীর ভাই আবদুস সালাম হাড়িভাঙ্গা বিলটির অবৈধ দখলে নিয়ে মাছ ধরলে এর কয়েক হাজার একরে জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে প্রকৃত জেলেরা মাছ ধরা থেকে বঞ্চিত হবেন। কৃষক ও জেলেদের কথা ভেবেই আওয়ামী লীগকে প্রতিহত করা হয়েছে। তবে যুবলীগ কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নেই। যুবলীগের কর্মকাণ্ড স্থগিত করার এখতিয়ার উপজেলা বা পৌর আওয়ামী লীগের নেই।