নাটোরের বড়াইগ্রামের দোবলার খালের ভাটিতে বাঁধ নির্মাণ করে অবৈধ সুতিজাল দিয়ে মাছ শিকার করছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। ফলে বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার নয়টি বিলের পানি আটকে গেছে। এতে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে চাষাবাদ করতে পারছেন না কৃষকেরা।
কৃষি সম্প্রসারণ বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার গরিলা বিল, চাকলার বিল, ধলার বিল, সিঙ্গাইর বিল, চেঁচুয়ার বিল, কৈখোলার বিল, চাত্রার বিল, কালুর বিল ও কুমড়াখালী বিলের পানি বড়াইগ্রামের দোবলার খাল হয়ে যমুনা নদীতে নেমে যায়। প্রতিবছর অক্টোবরের শেষ নাগাদ এসব বিলের পানি নেমে যায়। নভেম্বরের শুরু থেকে কৃষকেরা আমন ধান কেটে বিলের জমিতে চাষ না দিয়েই রসুনের আবাদ করেন। পাশাপাশি কৃষকেরা মসুর ও খেসারির আবাদ করেন। কিন্তু এ বছর দোবলার খালে পানি আটকে রেখে মাছ শিকার করায় বিলের পানি এখন পর্যন্ত নামতে পারেনি। ফলে কয়েক হাজার বিঘা জমিতে কৃষকেরা কোনো ফসলের আবাদ করতে পারছেন না।
বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের চামটা গ্রামের প্রভাবশালী কদম আলী, জাহা বক্স, আফসার আলী, আকরাম আলী, আবুল বাশার এবং ধুলাউড়ি গ্রামের ঝনু সরদার ও ফজলুর রহমান দোবলার খালের ভাটিতে বাঁশ দিয়ে তিনটি বাঁধ (বানার বাঁধ) নির্মাণ করেছেন। একটি থেকে আরেকটি বাঁধের দূরত্ব ৭০ ফুটের মতো। বাঁধের উজানমুখে পলিথিন সেঁটে দেওয়ায় নয়টি বিল থেকে পানি নদীতে নেমে যেতে পারছে না। বাঁধের মুখে অবৈধ সুতিজাল দিয়ে তাঁরা নির্বিচারে মাছ শিকার করছেন।
তবে কদম আলী, জাহা বক্স, ঝনু সরদার ও ফজলুর রহমান দাবি করেন, খালের আরও ভাটিতে চাটমোহর উপজেলার মধ্যে বাঁধ ও জলকপাট দেওয়ায় এ সমস্যা হচ্ছে।
জোনাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদুল ইসলাম বলেন, পানি নামতে না পারার কারণে জোনাইল ছাড়াও বড়াইগ্রাম সদর ইউনিয়নের অংশবিশেষ, গুরুদাসপুরের ধারাবারিষা এবং পাবনার ছাইখোলা ও নিমাইচরা ইউনিয়নের প্রায় ১০ হাজার হেক্টর জমির চাষাবাদ ব্যাহত হচ্ছে। এলাকার কয়েক হাজার কৃষক জলাবদ্ধতার কারণে জমিতে রসুন, মসুর ও খেসারির চাষ করতে পারছেন না। স্থানীয়ভাবে চেষ্টা করেও এসব বাঁধ সরানো যায়নি।
ভিটা কাজীপুর গ্রামের কৃষক আবদুস সাত্তার মণ্ডল বলেন, ‘বছরে এই এলাকায় একটি মাত্র ফসলের চাষ করা যায়। কয়েক বছর ধরে আমরা এ সময় বিনা চাষে কাদার ওপর রসুনের চাষ করে অনেক লাভ করেছি। কিন্তু এবার মনে হচ্ছে, কোনো ফসলই করা যাবে না।’ একই এলাকার কৃষক আবদুল কুদ্দুস বলেন, গুটি কয়েক লোকের জন্য তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বাঁধ দিয়ে বিলের পানি আটকানো ও সুতিজাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি এখানে নতুন এসেছেন। শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বাঁধ অপসারণের জন্য স্থানীয় লোকজনকে বোঝানো হয়েছে। বাঁধ অপসারণের জন্য পুলিশের সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়ার জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন।
গত রোববার যোগাযোগ করা হলে ইউএনও সাইফুল ইসলাম বলেন, তিনি এ সমস্যার কথা জানেন না। এ ব্যাপারে সপ্তাহ খানেকের মধ্যে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।