বিলের বুকে বাড়ি, হাট-বাজার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভা ঘেঁষে ঐতিহ্যবাহী খরকা বিল। একসময় মাছরাঙা, ডাহুক, পানকৌড়ি, বকসহ হরেক রকমের পাখির বিচরণে মুখরিত ছিল এই বিল। ভরপুর ছিল চাপিলা, রুই, কাতলা, মৃগেল, বোয়াল, চিতল, বাইম, পুঁটি, চিংড়ি, টেংরা, কই আর পাবদা মাছে। কিন্তু এ বিলে আজ আর মাছ তেমন মেলে না, শোনা যায় না পাখির কলকাকলি। দখলে দখলে এটি ছোট হয়ে গেছে। বিলটির বুকে গড়ে তোলা হয়েছে হাট-বাজার, আশ্রয়ণ প্রকল্প, ঈদগা মাঠ, কবরস্থানসহ বহু স্থাপনা।কথিত আছে, ২০০ বছর আগে ভূমিকম্প হয়ে ৩৩০ একর আবাদি জমি দেবে গিয়ে একটি বড় খালের সৃষ্টি হয়। ওই সময় প্রায় সাত কিলোমিটার দৈর্ঘ্য ও দেড় কিলোমিটার প্রস্থ খালের পূর্ব অংশের সঙ্গে চতলা বিলের সংযোগ ঘটে। ধীরে ধীরে খালটির আয়তন বাড়ে। কালক্রমে এই খাল খরকা বিল হিসেবে পরিচিতি পায়। ১৯৮৮ সালের বন্যায় খরকা বিল আরও বড় হয়। এ পর্যায়ে এটির সংযোগ ঘটে যমুনা নদীর সঙ্গে। পরের বছর উপজেলার শুখনগরী মৌজার বিলের পুরো অংশ ও গাবের গ্রাম মৌজার এক-তৃতীয়াংশ বালু ও পলিমাটি পড়ে ভরাট হয়ে যায়। কিন্তু বিল খননের উদ্যোগ নেওয়া হয়নি।অবৈধ দখল চলছেই: অভিযোগ রয়েছে, ২০০০ সালের শেষের দিকে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সাংসদ মির্জা আজমের সহযোগিতায় মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোখলেছুর রহমান গাবের গ্রামে একটি আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলেন। এই সুযোগে গাবের গ্রাম, তারতাপাড়া, বালিজুড়ী ও শুখনগরী গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি ১০ শতক থেকে পাঁচ একর পর্যন্ত খরকা বিলের জমি দখল করেন। একপর্যায়ে গাবের গ্রামের প্রভাবশালীরা বিলের ওপর গড়ে তোলেন ‘গাবের গ্রাম হাট’। তৎকালীন সাংসদ মির্জা আজম হাটটি উদ্বোধন করেন। এই দেখে শুখনগরী গ্রামের লোকজন মির্জা আজমের ভাই মির্জা শিপনের সহযোগিতায় (মির্জা আজমের নিজ গ্রাম শুখনগরী) বিলের ওপর আরও একটি বাজার বসান। ওই বাজারটিও তখনকার সাংসদ উদ্বোধন করেন। বর্তমানে দুটি বাজারে তিন শতাধিক দোকান রয়েছে। এ ছাড়া বিলের পূর্ব ও দক্ষিণ অংশে ছয় শতাধিক পরিবার কাঁচা-আধাপাকা ঘর নির্মাণ করেছে। পরবর্তী সময়ে চারদলীয় জোট সরকার আমলে বিএনপির নেতা-কর্মীরাও বিলের ওপর আবাসন প্রকল্প নির্মাণ করেন। বিলের ওপর আওয়ামী লীগ সরকারের আমলে চারটি ও বিএনপির আমলে দুটি আবাসন ও আশ্রয়ণ প্রকল্প গড়ে ওঠে। সর্বশেষ চলতি বছরের এপ্রিলে বিলের ওপর পৌর ভবন নির্মাণের জন্য সাংসদ মির্জা আজমের সহযোগিতায় পৌর কর্তৃপক্ষ তিনজন আওয়ামী লীগ সমর্থক পৌর কাউন্সিলর—মোখলেছুর রহমান, শওকত আলী ও কামরুজ্জামানকে মাটি ভরাটের দায়িত্ব দেয়। মে মাসের শেষের দিকে তাঁরা মাটি ভরাটের কাজ শেষ করেন। এ ব্যাপারে সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মির্জা আজম বলেন, ‘গাবের গ্রাম, শুখনগরী, তারতাপাড়াসহ প্রায় সাতটি গ্রামের মানুষের সুবিধার কথা চিন্তা করে আমি ২০০১ সালে গাবের গ্রামে একটি বাজার বসানোর ঘোষণা দিই মাত্র। আমি কাউকে খরকা বিলের জমি দখল করতে বলিনি। কেউ অভিযোগ করলে সব দখলদারের জমি ছাড়িয়ে নেওয়া হবে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তবে বিলটি খনন করার ব্যাপারে আমি কিছু বলতে পারব না।’ বিলের ওপর বসতি স্থাপনকারী জাহাঙ্গীর খান, আতিক, জাফর উল্লাহ, আবদুস ছালামসহ কয়েকজন দাবি করেন, তাঁরা অবৈধ দখলদারদের কাছ থেকে প্রতি শতক জমি ২৫ থেকে ৫০ হাজার টাকায় কিনে বাড়ি করেছেন।অবৈধ দখলদার হিসেবে পরিচিত আবদুল হক ওরফে গেন্দা খান ও ছৈয়দুজ্জামান খান বলেন, বন্যায় খরকা বিলের বিরাট অংশ বালু ও পলিমাটিতে ভরাট হয়ে যায়। তখন তাঁরা ছাড়াও শত শত লোক অবৈধভাবে জমি দখল করেছে। জেলেদের যত দুঃখ: বিল ঘিরে ছয় শতাধিক জেলে পরিবারের বসবাস। বিলে মাছ ধরেই তারা জীবিকা নির্বাহ করত। বিলের প্রায় ২০০ একর জমি বালু ও পলিমাটি পড়ে ভরাট এবং বেদখল হয়ে যাওয়ায় বিলটি অনেকটা মৎস্যশূন্য হয়ে পড়ে। সুশীল চন্দ্র, নীরঞ্জন, বৈদ্য বর্মণসহ কয়েকজন জানান, এই বিলে জাল ফেলে তাঁরা নানা সুস্বাদু মাছ ধরতেন। আদি পেশা ছেড়ে তাঁরা এখন সেলুন, ক্ষুদ্র ব্যবসা, রিকশা-ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তাঁরা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিলটি পুনরায় খননের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আবেদন জানিয়েছেন। পৌর মেয়র যা বললেন: মাদারগঞ্জ পৌরসভার মেয়র মোশাররফ হোসেন তালুকদার বলেন, ‘আমি পৌরসভার দায়িত্ব নেওয়ার অনেক আগেই বিলের ওপর দুটি বাজার, ঈদগাহ মাঠ, মুক্তিযোদ্ধাদের কবরস্থান, আশ্রয়ণ প্রকল্প ও বাড়িঘর নির্মাণ করা হয়েছে। পৌরসভার নিজস্ব কোনো ভবন নেই। তাই সাংসদ মির্জা আজমকে বলে পৌর ভবনের জন্য কেবল মাটি কাটার কাজ শেষ করেছি।’ তিনি আরও বলেন, ‘বেদখল হয়ে যাওয়া জায়গা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করার মতো ক্ষমতা আমার নেই। এটা করার ক্ষমতা রাখেন একমাত্র ইউএনও।’ প্রশাসনের বক্তব্য: মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি নতুন এসেছি। কে বা কারা বিল দখল করেছে, তা জানি না। আমি অবৈধ দখলদারদের কোনো তালিকাও পাইনি। তবে কেউ লিখিত অভিযোগ করলে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’