বিলের স্রোতে ভাঙছে সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সুজানগর উপজেলার গাজনার বিল এলাকার সাতবাড়িয়া-চিনাখড়া সড়কের একাংশ নির্মাণের চার বছরের মধ্যেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিলের পানির চাপে দুপাশ ভেঙে সড়ক সরু হয়ে গেছে। সড়ক দিয়ে বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সুজানগর উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, গাজনার বিল এলাকায় ২০১০ সালে ১৩ কোটি টাকা ব্যয়ে ১০ কিলোমিটার সড়কটির নির্মাণকাজ শুরু হয়। সড়কটি করার সময় ২ কোটি টাকা ব্যয়ে বিলের মাঝামাঝি খয়রান এলাকায় একটি সেতু নির্মাণ করা হয়। নির্মাণকাজ শেষে ২০১২ সালের নভেম্বরে সড়কটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।
৫ অক্টোবর সরেজমিনে দেখা যায়, গাজনার বিলে এখন থইথই পানি। খয়রান সেতু থেকে চিনাখড়ার দিকে প্রায় ১ কিলোমিটার সড়কের একপাশ ভেঙে মাটি বের হয়ে গেছে। মাটি সরে সরু হচ্ছে সড়কটি। ১০ কিলোমিটার সড়টির এই অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙনের কারণে খয়রান সেতুর পাশের মাটি সরে যাচ্ছে। বড় যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করতে পারে না। সড়কের অনেক জায়গায় পাশাপাশি দুটি যান চলতে পারে না। তারপরও ঝুঁকি নিয়ে চলছে অটোরিকশা, রিকশা ও ভ্যান।
চিনাখড়া গ্রামের অটোরিকশাচালক রতন খান বলেন, ‘দিনের বেলা কোনোমতে যাওয়া যায়। কিন্তু রাত হলি গাড়ি নিয়ে যাওয়াই কঠিন হওয়া পড়ে। কয়েক দিন আগে সন্ধ্যার পর একখান সিএনজি গাড়ি উল্টে চারজনের হাত-পাও ভাঙে গেছে।’
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার চিনাখড়া বাজার থেকে সাতবাড়িয়া হয়ে একদিকে নাজিরগঞ্জ, সাগরকান্দি, অন্যদিকে সুজানগর উপজেলা সদর পর্যন্ত বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ সড়কটি ব্যবহার করে। কৃষিপণ্য নিয়ে ট্রাক ও পিকআপ চলাচল করত। এ ছাড়া বিভিন্ন এলাকা থেকে গাজনার বিল দেখতে শত শত মানুষ ছুটির দিনগুলোতে খয়রান সেতুতে ভিড় করতেন। কিন্তু উদ্বোধনের দুই বছর পর ২০১৪ সাল থেকে সড়কটি ভাঙতে শুরু করে। বিলের পানির চাপে দুই পাশের মাটি সরে সড়কটি সরু হতে থাকে।
তাঁরা অভিযোগ করেন, নিম্নমানের কাজের কারণে সড়কটির এ অবস্থা হয়েছে। বিলের স্রোত ও ঢেউয়ের কথা বিবেচনায় রেখে সড়কটি তৈরি করলে তা ভাঙত না। এ ছাড়া ভাঙনের শুরুতেও প্রয়োজনীয় ব্যবস্থা নিলে সড়কটি রক্ষা পেত। কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে (এলজিইডি) বারবার জানানো সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
বিলে মাছ ধরতে আসা সাতবাড়িয়া গ্রামের ময়েন উদ্দিন বলেন, দুই বছর আগে সড়কটি ভাঙতে শুরু করলেও কর্তৃপক্ষ এদিকে নজর দেয়নি। এর ফলে এখন দুই পাশ থেকে ভেঙে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে গেছে। ঝুঁকি নিয়ে চলতে গিয়ে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটছে।
এলজিইডি পাবনার নির্বাহী প্রকৌশলী আবদুর রশিদ বলেন, সড়কটি নির্মাণের সময় তিনি পাবনায় ছিলেন না। তাই নিম্নমানের কাজ হয়েছে কি না, তা নিশ্চিত নন। বিলে বেশি পানি থাকায় এই মুহূর্তে কোনো ব্যবস্থাও নিতে পারছেন না। পানি কমলে সড়কের ত্রুটিগুলো দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।