বিলোনিয়া সীমান্তে ছয় শিশুকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্ত এলাকা থেকে গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশি ছয় শিশুকে ধরে নিয়ে গেছে ভারতের পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। চার দিন পেরিয়ে গেলেও ওই শিশুদের ফেরত দেওয়া হয়নি।তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফেনীর ১৯ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, আটক শিশুদের আজ সোমবার ভারতের স্থানীয় বিলোনিয়া আদালতে হাজির করার পর তাদের ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।বিজিবি ও পরিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পরশুরামের বিলোনিয়া স্থলবন্দর-সংলগ্ন সীমান্তবর্তী বাউরখুমা গ্রামের ছয় শিশু খেলা করতে করতে সীমান্তের নো ম্যানস ল্যান্ডে চলে যায়। এ সময় ভারতের পুলিশ ও বিএসএফ তাদের ধরে নিয়ে যায়। আটক শিশুরা হলো বাউরখুমা গ্রামের মোহাম্মদ শিমুল (৮), মোহাম্মদ সোহেল (৮), মোহাম্মদ নয়ন (৮), মোহাম্মদ বাবু (৮), নাজমা আক্তার (৯) ও সালমা আক্তার (৫)। বিষয়টি জানতে পেরে শিশুদের অভিভাবকেরা স্থানীয় মজুমদারহাট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোম্পানি কার্যালয়কে জানান। এরপর গতকাল রোববার মজুমদারহাট বিজিবি কমান্ডার সুবেদার রুহুল আমিন ও ভারতের বিলোনিয়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। এ সময় বিএসএফ জানায়, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ছয় শিশুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের ত্রিপুরা রাজ্যের উদয়পুর শিশুনিবাসে রাখা হয়েছে।বিজিবির ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সোহরাব হোসেন জানান, ছয় শিশুকে ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বিজিবি। শুক্র ও শনিবার বাংলাদেশে ছুটি এবং রোববার ভারতে সাপ্তাহিক ছুটি থাকায় তাদের আনতে দেরি হচ্ছে। তবে সোমবার ছয় শিশুকে আদালতে হাজির করার পর ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে বিএসএফ।