আইন মন্ত্রণালয়ে মতামতের (ভেটিং) জন্য অপেক্ষমাণ সংশোধিত জাতীয় বিল্ডিং কোড আগামী ডিসেম্বরের মধ্যেই অনুমোদনের আশ্বাস দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। সেই সঙ্গে যথাযথ প্রক্রিয়ায় এটি বাস্তবায়নের আশ্বাসও দিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড বাস্তবায়ন কৌশল’ শীর্ষক কর্মশালায় মন্ত্রী এই আশ্বাস দেন। হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) আয়োজনে ও দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য কাজ করা ১০টি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সংগঠন নারী কনসোর্টিয়ামের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা ছাড়াও নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী, স্থপতিরা অংশ নেন।
ভূমিকম্প রোধসহ নিরাপদ ভবন নির্মাণ এবং ভবন নির্মাণের কার্যক্রমে যথাযথ শৃঙ্খলা আনার জন্য একটি নতুন কর্তৃপক্ষ গঠনের বিধান রেখে বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (বিএনবিসি) প্রণীত হয় ১৯৯৩ সালে। এক যুগেরও বেশি সময় পর ২০০৬ সালের ১৭ নভেম্বর এটি অনুমোদিত হয়। তবে অনুমোদন ও গেজেট প্রকাশের আরও প্রায় ১০ বছর পেরিয়ে গেলেও এই কোড প্রয়োগ বা কার্যকরের জন্য নতুন কোনো কর্তৃপক্ষ গঠন করা হয়নি। কোডে উল্লেখ ছিল, নতুন কর্তৃপক্ষ না হওয়া পর্যন্ত সরকারি বিধিবদ্ধ সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। প্রস্তাব ছিল, ঢাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রামে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং বিভিন্ন জেলায় গণপূর্ত অধিদপ্তর বা পৌরসভাকে দায়িত্ব দেওয়া হবে। কিন্তু এই প্রস্তাবও বাস্তবায়িত হয়নি। আইনটি বাস্তবায়নের জন্য ২০১০ সালে উচ্চ আদালত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে এক বছরের সময়ও বেঁধে দেয়।
এদিকে ১৯৯৩ সালে প্রণীত বিল্ডিং কোডে উল্লেখ ছিল, পরিবর্তিত প্রেক্ষাপট মাথায় রেখে প্রতি পাঁচ বছর পর এটি হালনাগাদ করা হবে। ২২ বছর পর সম্প্রতি জলবায়ু পরিবর্তনগত কারণে সৃষ্ট সমস্যা, বিদ্যমান অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট এবং নির্মাণশিল্পে প্রযুক্তিগত পরিবর্তনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে এইচবিআরআইয়ের একটি সংশোধন এনেছে, যা বর্তমানে আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য অপেক্ষমাণ।
বিষয়টি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে কর্মশালার প্রধান অতিথি মন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘এটি (সংশোধিত বিল্ডিং কোড) যে এখনো ভেটিংয়ের জন্য আছে, সেটা আমার জানা ছিল না। প্রয়োজনে আমি নিজে আইন মন্ত্রণালয়ে কথা বলব। ডিসেম্বরের মধ্যেই সংশোধিত আইনটির অনুমোদন এবং এটি কার্যকরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কর্মশালার মুক্ত আলোচনা পর্বটি সঞ্চালনা করেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। তাঁর নেতৃত্বেই জাতীয় বিল্ডিং কোডটি প্রণীত হয়। আলোচকেরা বলেন, জাতীয় বিল্ডিং কোড যথাযথ অনুসরণ করলে অপরিকল্পিত নগরায়ণ রোধ করার সঙ্গে সঙ্গে রানা প্লাজার মতো ভবনধসের বিষয়গুলোও এড়ানো যেত।
এর পরিপ্রেক্ষিতে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, আইন-বিধি অনেক আছে। কিন্তু এটা কতটুকু বাস্তবায়িত হচ্ছে, সেটাই বড় প্রশ্ন। বিল্ডিং কোড বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর লোকবল বৃদ্ধি, দক্ষতা ও প্রাতিষ্ঠানিক উন্নতি একান্ত প্রয়োজন।
জনপরিসরে বিল্ডিং কোড বিষয়ে সচেতনতা বাড়ানো এবং বিষয়টি সবার কাছে সহজবোধ্য করে তুলতে সহজ ভাষায় লেখা একটি নির্দেশিকা (গাইড বুক) তৈরির সুপারিশ করেন আলোচনায় অংশ নেওয়া অনেক বক্তা।
কর্মশালায় সভাপতিত্ব করেন পূর্তসচিব মো. শহিদ উল্লা খন্দকার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এইচবিআরআইয়ের পরিচালক মোহাম্মদ আবু সাদেক। স্বাগত বক্তব্য দেন নারী কনসোর্টিয়ামের চেয়ারপারসন ও অ্যাকশনএইড, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির।