বিল্লাল হত্যা মামলার আসামির বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন হত্যা মামলার আসামি আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেনের বাড়ি থেকে গতকাল শুক্রবার অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) ও বিল্লাল হোসেন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আবুল বাশারের ভাষ্যমতে, গতকাল বিকেলে সনমান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বিল্লাল হত্যা মামলার ২ নম্বর আসামি আনোয়ার হোসেনের ফতেপুর গ্রামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি রামদা, ১০টি হকিস্টিক ও তিনটি টেঁটা উদ্ধার করে। অস্ত্রগুলোতে রক্তের দাগ লেগে ছিল।
বিল্লাল হোসেনের মেয়ে বিউটি আক্তার অভিযোগ করে বলেন, ‘গত শুক্রবার সন্ধ্যায় পূর্বশত্রুতার জের ধরে আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা তাঁর বাবাকে কুপিয়ে হত্যা করেন। তাঁরা যে আমার বাবাকে হত্যা করেছেন, তাঁদের বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও তাঁদের রক্তমাখা পাঞ্জাবি উদ্ধারের মধ্য দিয়ে তা প্রমাণিত হলো। এর আগে গত বুধবার আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহর বাড়ি থেকে রক্তমাখা পাঞ্জাবি ও অস্ত্র উদ্ধার করে পুলিশ।’