বিল্লাল হত্যার বিচার দাবিতে বিএনপির বিক্ষোভ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা বিল্লাল হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল শুক্রবার অলিপুরা বাজারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আজহারুল মান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি রিয়াজ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুর রউফ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মজিবুর রহমান, উপজেলা জাসাসের সভাপতি বি এম ডালিম প্রমুখ।
বক্তারা বলেন, বিল্লাল হোসেনকে পূর্বপরিকল্পিতভাবে আওয়ামী ও যুবলীগের কতিপয় সন্ত্রাসী নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। মামলার ১৫ দিন অতিবাহিত হলেও কোনো আসামিকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।