বিল্লালের দেখানো বাড়ি থেকে গাড়ির যন্ত্রাংশ উদ্ধার
আওয়ামী লীগের সাংসদ ও সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের গাড়ির চুরি যাওয়া যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে আসামিদের দেখিয়ে দেওয়া রাজধানীর বেইলি রোড ও মিন্টো রোডের মাঝামাঝি একটি বাড়ি থেকে এসব যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত গাড়ি চোরচক্রের আরও কয়েকজনকে খুঁজছে পুলিশ।চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, গত ২৯ ডিসেম্বর রাতে সাংসদ মোশাররফের নন্দনকাননের বাড়ির গ্যারেজ থেকে যন্ত্রাংশ চুরি হয়। এ ঘটনায় ‘কোটিপতি’ চোর বিল্লালসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। বিল্লাল ও তাঁর গাড়িচালক মো. জাকারিয়া ইসলামের দেখানো জায়গা থেকে গাড়ির যন্ত্রাংশ উদ্ধার করা হয়।পুলিশ সূত্র জানায়, সাংসদের বাড়ির গ্যারেজে গাড়ির যন্ত্রাংশ চুরির ঘটনায় রুবেল, গুলজার, লালু ও জাহিদসহ আরও কয়েকজন জড়িত। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিল্লাল ও মাসুদ চার দিনের রিমান্ডে আছেন। বিল্লাল জানান, রুবেল এখন অনেক অর্থবিত্তের মালিক। রুবেলের মা দেশের একজন প্রভাবশালী ব্যক্তির বান্ধবী। এ কারণে রুবেলকে এর আগে ধরেও পুলিশ এক ঘণ্টার বেশি আটকে রাখতে পারেনি।