বিশমাইল-জিরাব সড়ক ভোগান্তির আরেক নাম
ভোগান্তির নাম ঢাকার উপকণ্ঠ সাভারের ‘বিশমাইল-জিরাব’ সড়ক। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বড় বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় সড়কটি এখন যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সাভার উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, গত তিন বছরেও সড়কটিতে কোনো সংস্কারকাজ হয়নি। ভারী যানবাহন চলাচল করায় সড়কের এই অবস্থা। সরেজমিনে দেখা যায়, প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ সড়কটির বিশমাইল, কুটুরিয়া, তালতলা, কাঠগড়া, রাঙ্গামাটিয়া, পুকুরপাড় ও জিরাব এলাকার অবস্থা সবচেয়ে খারাপ। সড়কটির কোনো কোনো স্থানে ১৫০ থেকে ৩০০ গজ এলাকাজুড়ে কার্পেট উঠে গিয়ে দেড় থেকে দুই ফুট গভীর গর্ত হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, সাভার সেনানিবাসসহ কয়েক শ পোশাক কারখানা রয়েছে ‘বিশমাইল-জিরাব’ সড়কটির উভয় পাশে। এসব প্রতিষ্ঠানের যানবাহনসহ প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে এই সড়কে। সড়কটির বেহাল অবস্থার কারণে মাঝেমধ্যেই খানাখন্দে পড়ে বিকল হয়ে যাচ্ছে যানবাহন। এতে যানজটে পড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে গাড়িগুলোকে।কাঠগড়া এলাকার বি কে নিটিং ফেব্রিক্সের মহাব্যবস্থাপক (জিএম) সুলতান মাহমুদ বলেন, পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কটিতে প্রায় সারা বছরই পানি জমে থাকে। আর পানির ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল করায় রাস্তাটিতে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, সড়কটির উভয় পাশে অবস্থিত দেড় শর মতো পোশাক কারখানার পণ্য পরিবহনের জন্য একমাত্র ভরসা এই সড়ক। কিন্তু বর্তমানে এটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এ ক্ষেত্রে মারাত্মক সমস্যা হচ্ছে। তালতলা এলাকার বাসিন্দা আল হাসান সরকার অভিযোগ করেন, গত তিন বছরে সড়কটিতে সরকারিভাবে এক টুকরো ইটও ফেলা হয়নি। ফলে পায়ে হেঁটে চলাই এখন দায় হয়ে পড়েছে। বরাদ্দের অভাবে দীর্ঘদিনেও সড়কটির সংস্কার করা হয়নি স্বীকার করে সাভার উপজেলা প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান বলেন, এ কারণেই সড়কটি খানাখন্দে ভরে গেছে। তবে জনদুর্ভোগের কথা বিবেচনা করে সড়কটির উন্নয়নে সাত কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলেই উন্নয়নকাজে হাত দেওয়া হবে।