বিশাখার হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
আদিবাসী কর্মজীবী নারী বিশাখা চাকমার হত্যাকারীদের গ্রেপ্তার ও পর্যটকদের নিরাপত্তার দাবিতে গতকাল রোববার রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রাঙামাটিবাসীর ব্যানারে সকাল ১০টা থেকে রাঙামাটি শহরের তবলছড়ি বাজার এলাকায় ঘণ্টাব্যাপী কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, পর্যটন কমপ্লেক্সসংলগ্ন এলাকায় সমপ্রতি কর্মজীবী নারী বিশাখা চাকমাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজে ঘটতে পারে না। একই এলাকায় দুই পর্যটকযুগলকে হয়রানি করা হয়েছে। অথচ কোনো ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। এটা খুবই দুঃখজনক।
তবলছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জহির আহম্মদ সওদাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারী সাংসদ ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পৌরসভার মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী, দৈনিক রাঙামাটির প্রকাশক মো. জাহাঙ্গীর কামাল, জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক দীপন তালুকদার, জেলা যুবলীগের সহসভাপতি আশীষ কুমার চাকমা, ছাত্রদলের জেলা সভাপতি আবু সাদাৎ মো. সায়েম, যুব ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক জিসান আক্তার, জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক সৈকত রঞ্জন চৌধুরী, ক্রীড়াবিদ ইকবাল করিম প্রমুখ।