বিশাখার হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
কর্মজীবী আদিবাসী নারী বিশাখা চাকমার হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে গতকাল বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করা হয়।
সকাল ১০টায় বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) ন্যায়বিচার ফোরাম ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলন, পার্বত্য চট্টগ্রামের যৌথ উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয়ের দক্ষিণ ফটকে এ মানববন্ধন কর্মসূিচ আয়োজন করা হয়।
রাঙামাটি শহরের তবলছড়ি এলাকার টেক্সটাইল মার্কেটের একটি দোকানের বিক্রয়কর্মী বিশাখা চাকমার (২৮) লাশ গত ২০ আগস্ট কাপ্তাই হ্রদ থেকে উদ্ধার করা হয়। তাঁকে হত্যার আগে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয় বলে ময়নাতদন্তে জানা গেছে। এ ব্যাপারে রাঙামাটি কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করা হয়।
এ সময় বক্তব্য দেন ব্লাস্টের রাঙামাটি জেলা সমন্বয়কারী জুয়েল দেওয়ান, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলন, পার্বত্য চট্টগামের আহ্বায়ক টুকু তালুকদার, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, নারীনেত্রী নাই উ প্রু মারমা মেরী, বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা, বেসরকারি সংস্থা সোশ্যাল অ্যাকশন সোসাইটির নির্বাহী পরিচালক ললিত সি চাকমা প্রমুখ। এ ছাড়া সংহতি প্রকাশ করে পার্বত্য চট্টগ্রাম উইমেন্স রিসোর্স নেটওয়ার্ক, আদিবাসী ফোরাম, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।