বিশাল আকৃতির দুটি গাছ, পানির দরে বিক্রি?
বগুড়ার সান্তাহার জংশন স্টেশন এলাকায় বিশাল আকৃতির দুটি গাছ পানির দরে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ঝড়ে উপড়ে পড়া লক্ষাধিক টাকা মূল্যের একটি বটগাছ ও একটি শিমুলগাছ মাত্র ৩২ হাজার টাকায় কিনে নিয়েছেন সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম।
আবুল কাসেম বলেন, নিলামের মাধ্যমে গাছ দুটি কেনা হয়েছে। রেলওয়ে শ্রমিক লীগের স্থানীয় কার্যালয় নির্মাণের জন্য শ্রমিক লীগ নেতারা গাছ কেনার সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ক্রেতা হিসেবে শুধু তাঁর নাম ব্যবহার করেছেন তাঁরা।
এলাকাবাসী সূত্র জানায়, ২৭ এপ্রিল ঝড়ে সান্তাহার ইয়ার্ড এলাকায় বিশাল আকৃতির একটি বটগাছ ও সাহেবপাড়া পাড়ায় একটি শিমুলগাছ উপড়ে পড়ে। গাছগুলো দুই মাস পড়ে থাকার পর ১২ জুলাই সান্তাহার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীর কার্যালয়ে নিলামের ব্যবস্থা করা হয়। কোনো প্রকার প্রচারণা ছাড়াই আওয়ামী লীগ ও শ্রমিক লীগ নেতাদের উপস্থিতিতে রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (কার্য) মতিউর রহমান নিলাম সম্পন্ন করেন।
এ ব্যাপারে মতিউর রহমান বলেন, গাছ দুটি জ্বালানি কাঠ হিসেবে বিক্রি করা হয়েছে। এ কারণে বিক্রয়মূল্য সঠিক হয়েছে। গাছ বিক্রির বিষয়ে ব্যাপক প্রচারের কোনো নিয়ম নেই। অফিসের নোটিশ বোর্ডে এ-সংক্রান্ত নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।