বিশাল গর্ত, চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফরিদপুরের টেপাখোলা-রাজবাড়ীর গোয়ালন্দ বাজার বাইপাস সড়কের মধ্যে সাত কিলোমিটার অংশ বেহাল হয়ে পড়েছে। সড়কের কসিমদ্দিনের ডাঙ্গি এলাকায় বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় গত বুধবার থেকে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মহেন্দ্র-অটোরিকশা চললেও যাত্রীদের গর্তের কাছে নামিয়ে দেওয়া হচ্ছে।
এলাকাবাসী জানান, সড়কটি দিয়ে প্রতিদিন যাত্রীবাহী বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স, মহেন্দ্র, অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেট কারসহ শতাধিক যানবাহন চলাচল করে। রাজধানী থেকে আসা ফরিদপুরগামী অনেক যানবাহন দৌলতদিয়া-খুলনা মহাসড়কে ঝুঁকি এড়াতে এবং দূরত্ব ও সময় বাঁচাতে সড়কটি ব্যবহার করে। কিন্তু সড়কের তালতলা বেড়িবাঁধ থেকে মোমিন খাঁর হাট জিসি আজিজ চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত সাত কিলোমিটার অংশজুড়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। প্রায় এক মাস আগে ফরিদপুর সদর উপজেলার কসিমদ্দিনের ডাঙ্গি এলাকায় চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা ওরফে আদা মিয়ার বাড়ির সামনে প্রথমে ছোট আকৃতির গর্তের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন গর্তে লাঠি পুঁতে লাল কাপড় বেঁধে দেন। এর পরও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু বৃষ্টির পানি জমে সম্প্রতি গর্তটি বিশাল আকার ধারণ করে। এ কারণে বুধবার সকাল থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে টেপাখোলা থেকে আসা মহেন্দ্র ও অটোরিকশার চালকেরা যাত্রীদের গর্তের পূর্ব দিকে এবং গোয়ালন্দ থেকে আসা চালকেরা গর্তের পশ্চিম দিকে নামিয়ে দিচ্ছেন।
মহেন্দ্রচালক বাবু মিয়া বলেন, কম সময় লাগায় সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। কসিমদ্দিনের ডাঙ্গি এলাকায় বিশাল গর্ত হওয়ায় রাস্তা দুই ভাগ হয়ে গেছে। আগে থেকে ব্যবস্থা নিলে এ অবস্থা হতো না।
স্থানীয় মোহন মিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সায়েম বলেন, সবার চোখের সামনে ছোট গর্তটি বিশাল আকার ধারণ করল, অথচ কেউ দেখলও না।
এ ব্যাপারে চর মাধবদিয়া ইউপির চেয়ারম্যান তুহিনুর রহমান বলেন, তালতলা বেড়িবাঁধ থেকে মোমিন খাঁর হাট ছেড়ে আজিজ চেয়ারম্যানের সেতু পর্যন্ত সাত কিলোমিটার সড়কজুড়েই খানাখন্দ। সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিশাল গর্ত প্রথমে বালু ও ইট দিয়ে ঠিক করলেও তা টেকেনি।
ফরিদপুর সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী খান এ শামীম বলেন, শুক্রবার ছুটি থাকায় শনি বা রোববার গর্তটি ঠিক করা হবে। এ ছাড়া সাত কিলোমিটারের মধ্যে তালতলা থেকে দেড় কিলোমিটার সড়ক মেরামতের জন্য প্রায় ৫২ লাখ টাকার প্রকল্প করে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।