বিশাল ঘড়ি দেখতে ভিড়

ঘড়ি দেখা যাবে প্রায় ১০ কিলোমিটার দূর থেকে। আয়তন ৭৮৫ বর্গফুট। প্রায় দুই বছরের প্রচেষ্টায় ঘড়িটি তৈরি করা হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ঘড়ি বলে দাবি করেছেন এর উদ্ভাবক।
রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌর এলাকার কাপাসিয়া মহল্লায় একটি আমবাগানের মধ্যে এই ঘড়ি বসানো হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ঘড়িটি উদ্বোধন করার পর থেকেই সেখানে মানুষের ঢল নামে।
ঘড়িটি তৈরি করেছেন স্থানীয় ব্যবসায়ী আকুল হোসেন ওরফে মিঠু (৩১)। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক। বিবাহিত। বর্তমানে এলাকায় ব্যবসা করেন। তাঁকে সহযোগিতা করেছেন সোহেল রানা, রাকিবুল হাসান, শামসুজ্জোহা, সেলিম রেজা, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মুন্না, ফজলুল হক, মো. মারুফ ও শাহীন রেজা।
আকুল হোসেনের হিসাবমতে, ঘড়িটির সংখ্যার উচ্চতা ১৭ দশমিক ৫ ফুট আর চওড়া ৪৪ দশমিক ৯ ফুট। প্রায় দুই বছরের প্রচেষ্টায় তিনি এই ঘড়ি চালানোর জন্য একটি সফটওয়্যার তৈরি করেছেন। ঘড়িটির কাঠামো স্টিলের। এর মধ্যে ৪৮টি রড বাল্ব রয়েছে। তাঁর দাবি, পৃথিবীর আর কোথাও এত বড় ডিজিটাল ঘড়ি নেই।

আকুল হোসেন জানান, ঘড়িটি রাতের বেলায় অন্তত ১০ কিলোমিটার দূর থেকে দেখা যাবে। আর দিনের বেলা দেখা যাবে কাছ থেকে। তবে ঘড়িটিতে এলইডি বাল্ব সংযোজন করতে পারলে দিনের বেলাতেও দূর থেকে ঘড়িটির সময় দেখা যাবে।
আকুল হোসেনের বাবা মনতাজ সরদার কাটাখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আকুল চেয়েছিলেন, বাবাকে দিয়ে আনুষ্ঠানিকভাবে ঘড়িটি উদ্বোধন করাবেন। গত শুক্রবার সন্ধ্যায় পরীক্ষামূলকভাবে চালু করার সঙ্গে সঙ্গে অনেক মানুষের ভিড় জমে যায়। সে জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। মনতাজ দু-একটা কথা বলে উদ্বোধন ঘোষণা করেছেন।
গতকাল শনিবার দুপুরে গিয়ে দেখা যায়, আশপাশের গ্রাম থেকে নারী-পুরুষ সবাই একনজর ঘড়িটি দেখার জন্য এসেছেন। পুঠিয়া উপজেলার ভাংড়া গ্রাম থেকে এসেছেন রেশমা আক্তার (২০)। তিনি বলেন, এটি নাকি বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি, তাই দেখতে এসেছেন।
আকুল হোসেনের স্ত্রী আসমাউল হুসনা বলেন, প্রথমে পাগলামি বলেই মনে হচ্ছিল। এখন এত মানুষ দেখে ভালোই লাগছে।