বিশাল বাংলা দুপচাঁচিয়া ও উলিপুরে সাড়ে সাত শ চালকল বন্ধ
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে দেশের অন্যতম চালের মোকাম বগুড়ার দুপচাঁচিয়া ও কুড়িগ্রামের উলিপুরে প্রায় সাড়ে ৭০০ চালকলে উৎপাদন আট থেকে ১০ দিন ধরে বন্ধ রয়েছে। এতে প্রায় ১৪ হাজার চালকলের শ্রমিক বেকার হয়ে পড়েছেন। আর সরবরাহ কম থাকায় বাজারে চালের দামও বেড়েছে। চালকল মালিকেরাও পড়েছেন বিপাকে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপচাঁচিয়ায় সাড়ে ৬০০ চালকল রয়েছে। গত আট দিনে অব্যাহত কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে সূর্যের মুখ দেখা না যাওয়ায় চাতালে সংরক্ষিত হাজার হাজার মণ সেদ্ধ করা ধান শুকানো যাচ্ছে না। ফলে চালকলগুলোয় উৎপাদন বন্ধ রয়েছে। সরবরাহ কম থাকায় গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে পুরোনো চালের দাম মণপ্রতি ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। মেসার্স খাজা রাইস মিলের মালিক নাজমুল আরেফিন বলেন, ‘ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে চাতালের হাউসে ভেজা ধানে চারা গজিয়েছে। ধরে রাখার জন্য শ্রমিকদের অযথা খোরাকি দিয়ে পালতে হচ্ছে। ফলে লোকসান গুনতে হচ্ছে প্রতিদিন।’তাবাসসুম চালকলের শ্রমিক নূরুল হক জানান, চালকল বন্ধ থাকায় তিনি বেকার হয়ে পড়েছেন। এখন মহাজনের কাছ থেকে ধার নিয়ে অনেক কষ্টে দিন চালাচ্ছেন।উপজেলার বিভিন্ন চালকলে চাল ঝাড়ার কাছ করেন শাহিদা বেগম। তিনি বলেন, ‘আমিসহ কয়েকজন নারীশ্রমিক বিভিন্ন চালকলে কাজ করে সামান্য পারিশ্রমিক পেতাম। এখন চালকলগুলো বন্ধ থাকায় সবাই বেকার হয়ে পড়েছি। এ অবস্থায় আমি চার সন্তান নিয়ে ভীষণ কষ্টে দিন কাটাচ্ছি।’উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মোবারক হোসেন বলেন, ‘ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় চাল উৎপাদন করা যাচ্ছে না। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’কুড়িগ্রামের উলিপুরে শৈত্যপ্রবাহের কারণে প্রায় শতাধিক চালকল বন্ধ থাকায় দুই সহস্রাধিক চালকলের শ্রমিক অর্ধাহারে দিন কাটাচ্ছেন। চালকল বন্ধ থাকায় স্থানীয় বাজারে চালের দাম কেজিপ্রতি দুই থেকে তিন টাকা করে বেড়েছে। উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম আমীন জানান, শৈত্যপ্রবাহের কারণে উপজেলার শতাধিক চাতাল বন্ধ থাকায় চালের সরবরাহ কিছুটা হলেও কমে গেছে। এ কারণে বাজারে এর প্রভাব পড়েছে। উলিপুরের চালকল মালিক আবদুল মজিদ বলেন, তাঁর চাতালে তিনি দেড় শ মণ ধান সেদ্ধ করার জন্য হাউসে দিয়েছেন। কিন্তু শৈত্যপ্রবাহের কারণে তা শুকাতে পারছেন না। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এর সত্যতা পাওয়া গেছে। চালকলের শ্রমিক মর্জিনা বলেন, ‘সাত দিন ধরি ঠান্ডাত মরি গেইনো। কাজ-কামও নাই। এ কয়দিন ধার-দেনা করি চলছি, এখন আর ধারও পাওয়া যায় না। তাই ছেলেমেয়ে নিয়ে উপোস আছি। তোমরায় কন, গরিব মানইষের ভালো কাই করে।’