বিশিষ্ট গণিতবিদ খোদাদাদ খান আর নেই

বিশিষ্ট গণিতবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক আ ফ ম খোদাদাদ খান আর নেই। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের শিক্ষকতা শুরু করেন খোদাদাদ খান। ২০০২ সালে অবসরে যাওয়ার পর থেকে তিনি বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের গণিত বিভাগে শিক্ষকতা করতেন।
১৯৩২ সালের ১ নভেম্বর ময়মনসিংহের গফরগাঁওয়ে জন্মগ্রহণ করেন খোদাদাদ খান। তিনি বাংলাদেশে গণিত অলিম্পিয়াডের শুরু থেকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।