বিশিষ্ট চলচ্চিত্রকার শিবলী সাদিক আর নেই
দেশের সুস্থ ধারার বিনোদনমূলক চলচ্চিত্রকার শিবলী সাদিক আর নেই। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল (ইন্না লিল্লাহি....রাজিউন) করেন। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।তাঁর ছোট ভাই দাউদ হায়দার জানিয়েছেন, শিবলী সাদিক দীর্ঘ দিন কিডনি সমস্যাসহ একাধিক রোগে ভুগছিলেন। হঠাত্ করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত বুধবার গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার সকালে তাঁর মরদেহ এফডিসিতে আনা হবে এবং সেখানে শিল্পী ও কলাকুশলীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন।পরিচালক সমিতির সভাপতি শওকত জামিল জানিয়েছেন, আজ এফডিসিতে শিবলী সাদিকের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বিকেলে উত্তরায় তাঁর লাশ দাফন করা হবে।শিবলি সাদিকের মৃত্যুতে চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক-পরিবেশক সমিতি এবং বাংলাদেশ ফিল্ম ক্লাব গভীর শোক প্রকাশ করেছে।শিবলী সাদিক ষাটের দশকে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। তিনি নোলক, তিন কন্যা, ভেজা চোখ, মায়ের অধিকারসহ একাধিক ব্যবসাসফল চলচ্চিত্র নির্মাণ করেন। তাঁর নির্মাণাধীন চলচ্চিত্র শবনম মুক্তির অপেক্ষায় রয়েছে।