বিশিষ্ট নাগরিকদের বিবৃতির জবাবে হেফাজতে ইসলাম
বিশিষ্ট নাগরিকদের বিবৃতির সঙ্গে ধর্মপ্রাণ গণমানুষের সম্পর্ক নেই বলে দাবি করেছে হেফাজতে ইসলাম। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়, ৪০৮ জন ‘তথাকথিত বিশিষ্ট নাগরিক’ হেফাজতে ইসলামের আন্দোলন ও কর্মকাণ্ড নিয়ে গতানুগতিক একঘেয়েমিপূর্ণ ভাষায় উৎকণ্ঠা প্রকাশ করেছেন।
সংগঠনটির মহাসচিব জুনায়েদ বাবুনগরী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী প্রশ্ন করেন, ‘দেশে যখন প্রহসনের নির্বাচন হয়েছিল, জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছিল, বিরোধী মত দমনে একের পর এক গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছিল, তখন আপনাদের উৎকণ্ঠা কোথায় ছিল? আপনাদের কাছ থেকে জাতি কোনো উৎকণ্ঠা বা প্রতিবাদমূলক আওয়াজ তখন পায়নি।’
বিবৃতিতে বলা হয়, ‘হেফাজতে ইসলাম আর জামায়াতে ইসলামী এক নয়। উদ্দেশ্যমূলকভাবে দুটোকে এক করে আপনারা জাতিকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালিয়েছেন।’ বিজ্ঞপ্তি