বিশিষ্ট ব্যক্তি, কবি ও শিল্পীদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিশিষ্ট ব্যক্তি, কবি ও শিল্পীদের এবং তাঁর পরিবার ও আত্মীয়স্বজনদের সম্মানে আজ বুধবার ইফতারের আয়োজন করেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ইফতার অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী ৬টা ১০ মিনিটে ইফতার অনুষ্ঠানস্থলে আসেন। তিনি টেবিল ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতারের আগে জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে শাহাদৎবরণকারী অন্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মহিউদ্দিন কাশেমি মোনাজাত পরিচালনা করেন।
ইফতারে অন্যান্যের মধ্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ, এলজিআরডি ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম যোগ দেন।

এ ছাড়া অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এবং রফিকুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বিশিষ্ট অভিনেতা চিত্রনায়ক রাজ্জাক, হাসান ইমাম, রিয়াজ, শমী কায়সার, বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান, সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী এবং ফাহিমা চৌধুরী, কবি রুবি রহমান, কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, নাসির উদ্দীন ইউসুফ ইফতারে যোগ দেন।