বিশিষ্ট শিল্পপতি ননী গোপাল সাহা আর নেই
বিশিষ্ট শিল্পপতি এনজিএস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ননী গোপাল সাহা (৮৩) গত বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি এনজি সাহা নামে পরিচিত ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শংকর মঠ ও মিশনে তাঁর শেষকৃত্য হয়েছে।চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এনজি সাহার মৃত্যুর খবর শুনে গতকাল সকালে ঘাটফরহাদ বেগের বাসায় ছুটে যান ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বিএনপির সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী প্রমুখ। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এনজি সাহা ১৯৩০ সালের ২ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের প্রধান উপদেষ্টা, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ বাংলাদেশের সভাপতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। দেশে সর্বোচ্চ করদাতা হিসেবে তিনি একাধিকবার সরকারের স্বীকৃতিও পেয়েছিলেন।