বিশিষ্ট সাংবাদিক আখতার-উল আলম আর নেই
বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাবেক রাষ্ট্রদূত আখতার-উল আলম আর নেই। গত বুধবার রাত ১০টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।গতকাল বৃহস্পতিবার মিরপুরের হরিরামপুর মাদ্রাসা প্রাঙ্গণে বাদ আসর মরহুমের নামাজে জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।স্বনামখ্যাত সাংবাদিক আখতার-উল আলমের অর্ধশত বছরের অধিককালের সাংবাদিকতার জীবন ছিল বর্ণাঢ্য। তিনি দৈনিক আজাদ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন এবং পরে দৈনিক ইত্তেফাক-এর উপদেষ্টা সম্পাদক হিসেবে কাজ করেছেন। ইত্তেফাক-এ তিনি ‘লুব্ধক’ ছদ্মনামে একটি জনপ্রিয় কলাম লিখতেন। সাংবাদিকতা ছাড়াও তিনি অনুবাদে বিশেষ অবদান রেখেছেন। পরে তিনি রাষ্ট্রদূত হিসেবেও কাজ করছেন।আখতার-উল আলমের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন ও সংসদের বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া শোকপ্রকাশ করেছেন। শোকবাণীতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেছেন, তিনি ছিলেন জাতির স্বাধীন বিবেকের প্রতিনিধি। জাতির দুঃসময়ে তাঁর ক্ষুরধার লেখনী মানুষকে আশ্বস্ত করেছে এবং একনায়কদের বিরুদ্ধে প্রতিবাদী হতে প্রস্তুত করেছে।মরহুম আখতার-উল আলমের মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে জাতীয় প্রেসক্লাব, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেন্টার ফর ন্যাশনাল কালচার ও ফররুখ গবেষণা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।