বিশিষ্ট সাংবাদিক মকবুলার রহমান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মকবুলার রহমান
মকবুলার রহমান

দৈনিক সংবাদ পত্রিকার সাবেক সহকারী সম্পাদক মকবুলার রহমান (৭৮) গত বুধবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বৃহস্পতিবার বাদ জোহর গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের দহিচড়া উচ্চবিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
কাল শনিবার বিকেল চারটায় মকবুলার রহমানের স্মরণে সংবাদ কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৪ সালে পদার্থবিজ্ঞানে এমএসসি ডিগ্রি লাভ করেন মকবুলার রহমান। পরে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের ওপর ‘ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকো’ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
ষাটের দশকে দৈনিক ইত্তেফাক-এ সহকারী সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৬৩ থেকে ’৬৫ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষকতাও করেন।
এ ছাড়া ১৯৭১ থেকে ’৭৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিয়ন ও নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরিয়াল এবং শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
১৯৭৭-৮৯ সাল নাইজেরিয়ার ইউনিভার্সিটি অব কালাবারে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মকবুলার রহমান। ১৯৮৯ সালে দেশে ফিরে পরের বছর সংবাদ-এ সহকারী সম্পাদক হিসেবে যোগ দিয়ে ২০১৪ সাল পর্যন্ত একই পদে দায়িত্ব পালন করেন তিনি। বিজ্ঞপ্তি।