বিশিষ্ট সাংবাদিক মহবুব আনামের মৃত্যুবার্ষিকী আজ

বিশিষ্ট সাংবাদিক, লেখক এবং বাংলাদেশ টাইমস-এর সাবেক সম্পাদক মহবুব আনামের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ৯ জুলাই। বর্ণাঢ্য সাংবাদিকতার জীবনে তিনি তদানীন্তন পাকিস্তান অবজারভার-এর সিনিয়র এক্সিকিউটিভ, বাংলাদেশ সম্পাদক পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সংবাদপত্র পরিষদ, বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং বাংলাদেশ সংবাদ সংস্থা পরিচালনা বোর্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন তিনি। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পদক, শেরেবাংলা স্বর্ণপদক, মওলানা আকরম খাঁ স্বর্ণপদক, কালধ্বনি পদক এবং ত্রিভুজ স্বর্ণপদকে ভূষিত হন তিনি।
পেশাজীবনে মরহুম আনাম যমুনা অয়েল কোম্পানির মহাব্যবস্থাপক ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত ছিলেন। ১৯৫৪-৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সাধারণ সম্পাদক এবং ১৯৫৪ সালে আওয়ামী লীগের পক্ষে যুক্তফ্রন্টের প্রচার সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তিনি ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। ভাষা আন্দোলনে বিশেষ অবদানস্বরূপ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁকে ‘ভাষা আন্দোলনের বীর সৈনিক’ এবং তমদ্দুন মজলিশ তাঁকে মাতৃভাষা পদকে (মরণোত্তর) ভূষিত করে।
মরহুম আনাম ‘বাংলাদেশ সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিচয়’বিষয়ক একাধিক বইয়ের রচয়িতা। আমরা বাংলাদেশী আমরা বাঙালী, ইতিহাসের স্বীকৃতি বনাম বিকৃতি তাঁর উল্লেখযোগ্য প্রকাশনার মধ্যে অন্যতম। সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি নাট্যমঞ্চ বাংলাদেশ এবং বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতির দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড ও পাবলিক লাইব্রেরি কমিটির সদস্য ছিলেন তিনি। ব্যক্তিজীবনে তিনি প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ মরহুম আবুল মনসুর আহমদের দ্বিতীয় পুত্র এবং দ্য ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনামের জ্যেষ্ঠ ভ্রাতা। বিজ্ঞপ্তি।