বিশিষ্টজনদের সম্মানে প্রধানমন্ত্রীর চা-চক্র
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার বিকেলে ও সন্ধ্যায় দেশের কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ, শিল্পী ও বুদ্ধিজীবীদের সম্মানে গণভবনের লনে চা-চক্রের আয়োজন করেন। এই উৎসবে বিপুলসংখ্যক বরেণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
বিকেল ৪টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনের দক্ষিণ লনে পৌঁছালে অনুষ্ঠানের সূচনা হয়। মাগরিবের নামাজের জন্য ১০ মিনিট বিরতিসহ এই অনুষ্ঠান তিন ঘণ্টাব্যাপী চলে। শেখ হাসিনা হেঁটে হেঁটে বরেণ্য ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় বিভিন্ন শিল্পীর পরিবেশিত দেশাত্মবোধক ও লোকসংগীত এবং কবিতা আবৃত্তি উপভোগ করেন প্রধানমন্ত্রী। এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও বড় বোন শেখ হাসিনার সঙ্গে যোগ দিয়ে বরেণ্য ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সম্পর্কে খোঁজখবর নেন।
সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব-২ নমিতা হালদার অনুষ্ঠান পরিচালনা করেন। আমন্ত্রিত অতিথিদের পাটিসাপটা, ভাপা ও চিতইয়ের মতো ঐতিহ্যবাহী পিঠা, চিকেন কাবাব, বিফ শিক কাবাব, পরোটা, নান রুটি, জিলাপি, চাপাতি, ফুচকা এবং চা ও কফি দিয়ে আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক শফিকুর রহমান, হাসান শাহরিয়ার, ফরিদ আহমেদ, নাদিম কাদির, কালের কণ্ঠ-এর সম্পাদক ইমদাদুল হক মিলন, সংবাদ সম্পাদক আলতামাস কবির, চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ, বিডিনিউজ২৪ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালেদি, একাত্তর টেলিভিশনের মোজাম্মেল বাবু, বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম, মঞ্জুরুল আহসান বুলবুল, নাঈমুল ইসলাম খান, ঢাকা ট্রিবিউন-এর সম্পাদক জাফর সোবহান, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, ব্যারিস্টার আমির-উল ইসলাম, আবদুল বাসেত মজুমদার, প্রফেসর ইমেরিটাস এ কে আজাদ চৌধুরী, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, মহীউদ্দীন খান আলমগীর, অভিনেতা আলী যাকের, কবি মহাদেব সাহা, ড. ইনামুল হক প্রমুখ অংশ নেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, সিনিয়র জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্রসচিব শহীদুল হক, তথ্যসচিব মুর্তজা আহমেদ, ড. খলীকুজ্জমান আহমদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।