বিশিষ্টজনের সঙ্গে আবারও আড্ডায় প্রধানমন্ত্রী

গণভবনে আবারও বিশিষ্টজনদের সঙ্গে আড্ডায় মেতে উঠলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত শুক্রবার বিভিন্ন ক্ষেত্রের বিপুলসংখ্যক বিশিষ্ট নাগরিকের সঙ্গে আড্ডার পর আজ শুক্রবারও আড্ডার আয়োজন করেছিলেন তিনি। এবারের আড্ডায় সশস্ত্রবাহিনীর সদস্য থেকে শুরু করে শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনদের সঙ্গে আড্ডা দিয়েছেন প্রধানমন্ত্রী।
গণভবনে বিকেল চারটার দিকে আড্ডা শুরু হয়ে চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। মাঠে ঘুরে ঘুরে সবার সঙ্গে কথা বলে, কুশল বিনিময় করে খোশগল্পে মেতে ওঠেন প্রধানমন্ত্রী।

বেলা আড়াইটার পর থেকে অতিথিরা আসা শুরু করলেও বিকেল চারটার দিকে আয়োজনস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সেখানে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশলবিনিময় করেন তিনি। এ সময় বাংলাদেশের হয়ে স্পেশাল অলিম্পিকে সোনাজয়ী প্রতিবন্ধী খেলোয়াড়দের সঙ্গে কথা বলে তাদের মাথায় হাত বুলিয়ে দেশের হয়ে আরও বেশি সাফল্য বয়ে আনার জন্য প্রার্থনা করেন শেখ হাসিনা।
গণভবনের মাঠে এই আড্ডার সঙ্গে চলে আবৃত্তি, গান ও বিভিন্ন ধরনের পরিবেশনা। আমন্ত্রিত অতিথি আপ্যায়নে ছিল নানা রকমের বাহারি পিঠা। ছিল কাবাব ও পরোটা, ফুসকা, চটপটি, কফি।
বিশিষ্ট শিল্পীদের আবৃত্তি এবং সংগীত পরিবেশনার পাশাপাশি পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারও গানের তালে মুগ্ধ করেন সবাইকে।
দশম জাতীয় সংসদ নির্বাচনের পর টানা দ্বিতীয় দফায় সরকার গঠনের পর প্রশাসন ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনদের সঙ্গে কুশলবিনিময় এবং আনন্দমুখর সময় কাটানোর উদ্দেশ্যে গণভবনে অনুষ্ঠানের আয়োজন করছেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার গণমাধ্যমের ব্যক্তিত্বসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের চায়ের দাওয়াত দেন শেখ হাসিনা।