বিশুদ্ধ পানি পাচ্ছে না মংলা পৌরবাসী
মংলা বন্দর পৌরসভার বাসিন্দাদের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে পানি শোধন ও সরবরাহ প্রকল্পের কাজ ২০০৮ সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনো প্রায় অর্ধেক কাজ বাকি। তাই পৌরবাসীর বিশুদ্ধ পানির চাহিদা পূরণের বিষয়টি এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।পৌরসভা প্রতিষ্ঠার দীর্ঘ ৩৫ বছর পার হলেও পৌর এলাকার লক্ষাধিক মানুষের জন্য বিশুদ্ধ খাবার পানি সরবরাহের কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি। খাবার পানির অভাব পৌরবাসীর অন্যতম প্রধান সমস্যা। খাবার পানি ও নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য পৌরবাসীকে নির্ভর করতে হয় স্থানীয় পুকুর, ডোবা ও বৃষ্টির পানির ওপর। মংলা বন্দর কর্তৃপক্ষ বার্জের মাধ্যমে শহর এলাকায় বিকল্প পন্থায় সামান্য খাবার পানি সরবরাহ করে থাকে, যা শহরবাসীর চাহিদার তুলনায় ১০ শতাংশেরও কম। বন্দরের সরবরাহ করা এ পানি পৌরবাসীকে কিনতে হয় চড়া দামে। নানা কারণে মাঝেমধ্যে এ পানির সরবরাহও বন্ধ থাকে।পানি-সংকট নিরসনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০০৭ সালের মে মাসে মংলা শহরতলির মাছমারা এলাকায় ৮৪ একর জমির ওপর প্রায় ১৭ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে মংলা বন্দর পৌরসভায় পানি সরবরাহ ও এনভায়রনমেন্টাল প্রকল্পের কাজ শুরু করে।প্রকল্পের কার্যাদেশ অনুযায়ী ২০০৮ সালের জুনের মধ্যে সব কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও মূলত এর কাজ শুরুই হয় ২০০৮ সালের জুলাই মাসে। এরপর ২০১০ সালের জুন মাস পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়।প্রকল্প এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, ইম্পাউন্ডিং রিজার্ভার নির্মাণের কাজ মাত্র ৩০ শতাংশ সম্পন্ন হয়েছে। উচ্চ জলাধার (ট্যাংক) নির্মাণের কাজ ৬০ শতাংশ, ট্রিটমেন্ট প্লান্ট ও অবকাঠামোর কাজ ৬০ শতাংশ ও পৌর এলাকায় পাইপলাইন স্থাপনের কাজ ৭০-৮০ শতাংশ শেষ হয়েছে।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী এস এম কায়েস ঠিকাদারদের অদক্ষতা ও গাফিলতির কথা স্বীকার করে বলেন, ইম্পাউন্ডিং রিজার্ভারের কাজের ধীরগতিই এ প্রকল্প বাস্তবায়নে বিলম্বের কারণ। এ প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ানো ও প্রকল্পের ব্যয় আরও চার কোটি টাকা বাড়ানোর জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে একটি সংশোধিত প্রস্তাব পাঠানো হয়েছে।ইম্পাউন্ডিং রিজার্ভারের ঠিকাদার আবদুল খালেক জানান, প্রতি বর্গমিটার মাটি খননের জন্য ধার্য ছিল ৪২ টাকা, কিন্তু বাস্তবে মাটি খননে তাঁর ব্যয় হচ্ছে ১০০ টাকার ওপরে। এই অতিরিক্ত টাকা জোগাড় করতে না পারায় তিনি নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারছেন না।