বিশুদ্ধ পানির জন্য আরএফএল-প্রথম আলোর যৌথ উদ্যোগ
সিডরে বিধ্বস্ত উপকূল এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করতে আরএফএল ও প্রথম আলোর মধ্যে সমঝোতা হয়েছে। গতকাল সোমবার প্রথম আলোর কার্যালয়ে আরএফএলের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. আল্লামা মুরশিদ মুনিম ও প্রথম আলোর পক্ষে যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম এ ব্যাপারে সমঝোতা স্মারকে সই করেন।স্মারক অনুযায়ী, নলকূপ বসিয়ে পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, বাগেরহাট, ভোলা, সাতক্ষীরাসহ সিডরে বিধ্বস্ত জেলাগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। এ জন্য প্রাথমিকভাবে ৪২টি স্থান নির্ধারণ করা হয়েছে। প্রতি মাসে চার-পাঁচটি নলকূপ বসানো হবে। ছয় মাস মেয়াদের এ প্রকল্পের কাজ নভেম্বরের শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা।স্থান নির্বাচন, নলকূপ বসানোর ক্ষেত্রে সহায়তাসহ সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে প্রথম আলো। মাঠপর্যায়ের প্রথম আলোর বন্ধুসভা ও স্থানীয় প্রতিনিধিরা এ কাজে সহায়তা করবেন। প্রকল্পের অর্থ দেবে আরএফএল।মো. আল্লামা মুরশিদ মুনিম বলেন, আরএফএল সারা দেশে বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে উপকূলের সিডরে বিধ্বস্ত এলাকায় নভেম্বর থেকে এ কাজ শুরু করা হবে।আব্দুল কাইয়ুম বলেন, বিশুদ্ধ পানি সরবরাহের এই প্রকল্প বাস্তবায়িত হলে ওই অঞ্চলের মানুষের পানির অভাব অনেকটা কমবে।