>পূর্বাঞ্চলীয় এলাকা বাসাবো কদমতলা ক্লাব পানির পাম্পে গিয়ে দেখা যায়, পানি সংগ্রহে ভিড় করেছেন নারী-পুরুষেরা। অনেকে নিজে উপস্থিত হতে না পেরে কলসি, জার কিংবা অন্য পাত্র পাঠিয়েছেন ছোটদের দিয়ে। তাঁরা লাইন ধরার পর বড়রা আসছেন
বাসাবাড়িতে বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে না। এ জন্য কমলাপুর, গোপীবাগ ও পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকার মানুষ ঢাকা ওয়াসার পাম্পস্টেশন এবং অন্যান্য স্থান থেকে পানি সংগ্রহ করছেন। এসব এলাকার পাম্পস্টেশনগুলোতে ভিড় প্রতিদিন বাড়ছে।
গতকাল সোমবার বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। ব্রাদার্স ইউনিয়ন ক্লাব-সংলগ্ন পেয়াদাপাড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম বালুর মাঠ এলাকার পানির পাম্প থেকে পানি সংগ্রহ করেন। গতকাল দুপুর ১২টার দিকে ওই পাম্প এলাকায় পানি সংগ্রহে আসা তাঁর মতো অনেক লোকের ভিড় দেখা যায়। জাহাঙ্গীর আলম বলেন, পেয়াদাপাড়া এলাকার পানি বছরের পর বছর ধরে খারাপ। এতই খারাপ যে ফোটালেও বিশুদ্ধ হয় না। দুর্গন্ধ তো যায়ই না, ওই পানি দিয়ে চোখমুখ ধুতে গেলে জ্বালা করে। বর্তমানে পানির অবস্থা আরও খারাপ হওয়ায় গতকাল জরুরি কাজ ফেলে তিনি পানি সংগ্রহে এসেছেন।
পাম্পে কর্মরত মো. ফখরুল বলেন, পানির লাইনে নানা কারণে ময়লা ঢুকতে পারে। তাই অনেকেই পাম্পের কল থেকে পানি সংগ্রহ করেন। এতে তাঁরা কখনোই বাধা দেন না।
অভয় দাস লেন, আর কে মিশন রোড এলাকাতেও বাসাবাড়িতে ওয়াসার ময়লা পানি আসছে বলে উপস্থিত এলাকাবাসী অভিযোগ করেন। কোনো কোনো বাড়িতে নিজ উদ্যোগে মাটির নিচের জলাধার পরিষ্কার করার পরও ভালো পানি আসছে না বলে অভিযোগ করেন তাঁরা।
পূর্বাঞ্চলীয় এলাকা বাসাবো কদমতলা ক্লাব পানির পাম্পে গিয়ে দেখা যায়, পানি সংগ্রহে ভিড় করেছেন নারী-পুরুষেরা। অনেকে নিজে উপস্থিত হতে না পেরে কলসি, জার কিংবা অন্য পাত্র পাঠিয়েছেন ছোটদের দিয়ে। তাঁরা লাইন ধরার পর বড়রা আসছেন।
কদমতলা আগমনী সিনেমা হলের পাশের পাম্পস্টেশন থেকে প্রতিদিন পানি সংগ্রহ করেন কদমতলা, বাসাবো, আহম্মদবাগ ও আশপাশের এলাকার মানুষ। বাসাবো বৌদ্ধমন্দির থেকে অনেকে দুই বেলা পানি সংগ্রহ করছেন।
বিশুদ্ধ পানির জন্য মুগদা ওয়াপদা রোডের পাম্পেও বিভিন্ন বয়সের মানুষের ভিড় দেখা যায়। সেখানে ভিড় করা বেশির ভাগ মানুষের অভিযোগ, তাঁরা ওয়াসার গ্রাহক হয়েও কেন বিশুদ্ধ পানি পান না?
এলাকার ঢাকা ওয়াসার আঞ্চলিক কার্যালয় থেকে বলা হয়, কোনো কোনো স্থানে অবৈধ সংযোগ নেওয়ার কারণে পাইপ ফুটো হয়ে যাওয়ায় পানিতে ময়লা আসতে পারে। তবে বৃষ্টির মৌসুম শুরুর পর লাইনে ভালো পানি সরবরাহ হচ্ছে। তারপরও মনের খুঁতখুঁতে অবস্থা দূর করার জন্য অনেকেই পাম্প থেকে পানি নিয়ে শান্তি পান। একই ধরনের কথা বলেছেন কদমতলা পানির পাম্পের কর্মচারী আবদুল হাই। তিনি বলেন, পাম্প থেকে পানি নেওয়া এখন একটা রেওয়াজ হয়ে গেছে। বাসায় ভালো পানি থাকলেও অনেকে পাম্পে আসেন। তাঁর কথার প্রতিবাদ করেন কদমতলা প্রাথমিক স্কুল গলির বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আনোয়ার হোসেন এবং সালাম ডেইরি প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা আবদুল কুদ্দুস। তাঁরা তাঁদের বাসায় গিয়ে পানি পরীক্ষা করার আমন্ত্রণ জানান।