বিশুদ্ধ পানির দাবিতে বরিশালে মানববন্ধন
বরিশাল নগরের পানি শোধনাগারে দ্রুত বিদ্যুৎ-সংযোগ দেওয়া ও বিশুদ্ধ পানির দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ নাগরিকেরা। পরে সচেতন বরিশাল নগরবাসীর পক্ষে দাবি আদায়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
গতকাল বুধবার বেলা ১১টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নগরে প্রতিদিন ৪ কোটি গ্যালন বিশুদ্ধ পানির চাহিদা রয়েছে। কিন্তু সিটি করপোরেশন মাত্র ১ কোটি ৮৫ লাখ ৯২ হাজার লিটার সরবরাহ করতে পারছে। ফলে নগরের বাসিন্দাদের বিশুদ্ধ পানির সংকট চরম আকার ধারণ করেছে। অথচ দুই বছর আগে কীর্তনখোলা নদীর তীরে রূপাতলী এবং বেলতলায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে দুটি পানি শোধনাগার নির্মাণ করা হয়। শুধু বিদ্যুৎ-সংযোগ না থাকায় সে দুটি শোধনাগার নাগরিকদের কোনো কাজে আসছে না।
মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বরিশাল নগর সৌন্দর্য রক্ষা কমিটির সদস্যসচিব কাজী এনায়েত হোসেন, উন্নয়ন সংগঠক কাজী জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বরিশাল বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী অমূল্য কুমার সরকার প্রথম আলোকে বলেন, বরিশাল সিটি করপোরেশনের কাছে ২৭ কোটি ৬৯ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। মন্ত্রণালয় থেকে বকেয়া পরিশোধের জন্য বলা হলেও করপোরেশন বকেয়া পরিশোধ করছে না। বকেয়া পরিশোধ না করায় করপোরেশনের সংযোগ বিচ্ছিন্ন করতে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। বকেয়া পরিশোধের আগে নতুন সংযোগ দেওয়া সম্ভব নয়।