বিশুদ্ধ পানির সংকট
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোবিন্দশ্রী গ্রামে নলকূপ না থাকায় দুই শতাধিক পরিবার খাবার পানির সংকটে ভুগছে। সমস্যা সমাধানে গ্রামে নলকূপ স্থাপনের জন্য ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দপ্তরে গ্রামবাসী দাবি জানালেও সমস্যার সমাধান হচ্ছে না।সংশ্লিষ্ট ওয়ার্ডের (ইউপি) সদস্য জোসেফ আখঞ্জি বলেন, গ্রামটিতে খাবার পানির একমাত্র উৎস মসজিদের নলকূপ। এ ছাড়া এ মুহূর্তে হাওর ও নদীর পানি শুকিয়ে যাওয়ায় লোকজনের দুর্ভোগ চরমে উঠেছে।ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, পানির সংকট নিরসনে কয়েকটি নলকূপ স্থাপন জরুরি। এ মুহূর্তে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে নলকূপ স্থাপন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে সমস্যা সমাধানে চেষ্টা করব।’উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক বলেন, ‘গ্রামটির পানির সংকট সমাধানে নলকূপ বসানোর জন্য আমি চেষ্টা করছি।’