বিশুদ্ধ পানির সংকটে গোয়াইনঘাটবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হাসপাতালের বর্জ্য ফেলা হয় যে পুকুরে, ওই পুকুরের পানি পাম্পের সাহায্যে হাসপাতালে সরবরাহ করা হয়। এতে রোগীদের রোগ সারা তো দূরের কথা বরং নতুন রোগ নিয়ে বাড়ি ফেরেন।’ ৯ জানুয়ারি সকাল আটটায় এ কথাগুলো বলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা অশেষ কুমার রায়। বেলা দুইটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমদ চৌধুরী বলেন, ‘রাধানগর থেকে পানি এলে দুপুরের খাবার খাব।’গোয়াইনঘাটের কয়েক লাখ মানুষের চিকিৎসাসেবার ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রশাসনিক কার্যক্রমের প্রাণকেন্দ্র উপজেলা প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তার কার্যালয়। এসব স্থানের বিশুদ্ধ ও নিরাপদ পানি সংকটের এ পরিস্থিতি উপজেলা শহরসহ সদর ইউনিয়নের সব জায়গায় বিরাজ করছে। বিকল্প ব্যবস্থা না থাকায় নদী, পুকুর ও ডোবার পানি পান করে ডায়রিয়া, আমাশয়সহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে অনেকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এখানে প্রতিদিন পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে ৯০ থেকে ৯৫ জন চিকিৎসাসেবা নেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রেজাউল বলেন, ‘হাসপাতালের নোংরা পানি আমরা বাধ্য হয়ে ব্যবহার করি, এই পানিতে প্রায়ই জোঁক পাওয়া যায়।’ গোয়াইনঘাট সদরে কোনো গভীর নলকূপ নেই। অগভীর নলকূপ যেগুলো আছে সেগুলোও অকেজো। সরেজমিনে দেখা গেছে, মুক্তিযোদ্ধা সংসদের কাছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কাছে একটি ও গোয়াইনঘাট উচ্চবিদ্যালয়ে একটি গভীর নলকূপ সংস্কারের অভাবে অকেজো অবস্থায় পড়ে আছে। তাই প্রতিদিন উপজেলা শহর, গ্রাম এলাকার হাটবাজারের হোটেল, রেস্তোরাঁগুলোতে বাধ্য হয়ে নদী, কুয়া, ডোবা ও পুকুরের পানি দিয়ে চাহিদা মেটাতে হয়। পূর্ব পেকের খাল গ্রামের আজির উদ্দিন জানান, ‘গত দুইমাসে উপজেলার পূর্বপেকের খাল, চদিবদি হাওর ও পশ্চিম পেকের খাল গ্রামে ৩ জন লোক ডায়রিয়ায় মারা গেছে।’ গোয়াইনঘাটের ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় কোনো নলকূপ নেই। একটি পুকুর থেকে পাম্পের সাহায্যে তোলা অনিরাপদ পানিই রোগী,সেবিকা-চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারিরা ব্যবহার করছেন। এ সমস্যার স্থায়ী কোন সমাধান দীর্ঘ দুই যুগেও হয়নি। পেকেরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন তালুকদার বলেন,‘ আমার বিদ্যালয়ে নলকূপ নেই। শিক্ষার্থীরা প্রায়ই পানিবাহিত রোগে আক্রান্ত হয়।’উপজেলা সহকারী প্রকৌশলী তপন সাহা বলেন, ‘গোয়াইনঘাটে আর্সেনিকের জন্য নয় মূলত মাটির নীচের স্তরে পাথর থাকায় গভীর নলকূপ বসানো সম্ভব হয় না।’গোয়াইনঘাট বাজারের ব্যবসায়ী রনজিত দত্ত বলেন, ‘বিশুদ্ধ ও নিরাপদ পানির সংকট নিরসন না হলে গোয়াইনঘাটের আন্দোলনে নামতে বাধ্য হবে।’ গোয়াইনঘাটে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর পদটি দীর্ঘদিন ধরে শূণ্য পড়ে আছে। পরপর তিনিদিন গিয়ে জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়টি বন্ধ পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমদ চৌধুরী বলেন ‘ সবে মাত্র এলাম । দেখি কী করা যায়।’ স্থানীয় সাংসদ ইমরান আহমদ বলেন,‘ শিগগিরই গোয়াইনঘাট সদর ইউনিয়নে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে।’