চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে বিশৃঙ্খলা নিরসনে গতকাল রোববার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে গঠিত ওই কমিটিকে এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বন্দর ব্যবস্থাপনায় নিয়োজিত বেসরকারি সংস্থা পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড কর্তৃপক্ষ ও সংস্থাটির কয়েকজন কর্মীর দ্বন্দ্বের জের ধরে গত বুধবার থেকে বন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। গতকাল তিন ঘণ্টাব্যাপী বৈঠকে জেলা প্রশাসক কে এম আলী আজম, পানামা পোর্ট লিমিটেডের নির্বাহী পরিচালক ইকবাল হোসেন, বরখাস্ত কর্মীদের পক্ষে গোলাম রব্বানী, বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. মাসুদ রানা ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।সভায় ইকবাল হোসেন বরখাস্ত পাঁচ কর্মকর্তা-কর্মাচারীর বিরুদ্ধে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক ও পানামা কর্তৃপক্ষের কাছ থেকে চাঁদা আদায়সহ বিভিন্ন অভিযোগ করেন। গোলাম রব্বানী সব অভিযোগ অস্বীকার করে তাঁদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান। সভা শেষে জেলা প্রশাসক কে এম আলী আজম সাংবাদিকদের জানান, অতিরিক্ত জেলা প্রশাসক সারোয়ার জাহানকে (সার্বিক) প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর এই সময়ের মধ্যে অভিযুক্ত পাঁচজন বন্দরে প্রবেশ করতে পারবেন না।পানামা পোর্ট লিমিটেডের নির্বাহী পরিচালক ইকবাল হোসেন অভিযোগ করেন, গোলাম রব্বানী, শাজাহান আলী, জসীম উদ্দীন, নূরে আলম সিদ্দিকী ও জিয়াউর রহমান নামের পাঁচজন কর্মকর্তা-কর্মচারী গত বুধবার তাঁকেসহ এক কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে তাঁদের বরখাস্ত করা হয় ও গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বন্দরে সংস্থার কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে জেলা প্রশাসকের অনুরোধে পানামা কর্তৃপক্ষ কাজ শুরু করে। ইকবাল হোসেন আরও অভিযোগ করেন, গত শনিবার বরখাস্ত হওয়া কর্মীরা পানামার নির্বাহী ব্যবস্থাপক টিপু সুলতানকে মারধর করেন। বরখাস্ত হওয়া কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ইকবাল হোসেন দাবি করেন, চাঁদাবাজির কারণে বন্দরে আমদানি কমে গেছে। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। গোলাম রব্বানী তাঁদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, গত বুধবার বেতন-ভাতা নিয়ে নির্বাহী পরিচালকের সঙ্গে কথা বলতে গেলে তিনি অশালীন ব্যবহার করেন। এ সময় শুধু কথা-কাটাকাটি হয়েছে।বরখাস্ত হওয়া পাঁচজন কর্মী শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজমুল হকের সুপারিশে পানামা লিমিটেডে চাকরি পেয়েছিলেন বলে জানা গেছে। নাজমুল বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হকের ভাই। এ ব্যাপারে জানার জন্য নাজমুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।