বিশৃঙ্খলা সৃষ্টি করলেই শাস্তি ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে দুই দিন বন্ধ থাকার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা আজ রোববার আবারও শুরু হচ্ছে। এ জন্য ক্যাম্পাস এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।সূত্র জানায়, আজ থেকে ক্লাস ও পরীক্ষা যথারীতি শুরু করতে এবং ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে। ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা না করতে ছাত্রলীগের নেতাদেরও সতর্ক করছেন প্রক্টরিয়াল বডির সদস্যরা।উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যা যা করা দরকার, সবই করা হবে। ক্যাম্পাসের নিরাপত্তার জন্য পুলিশের সঙ্গে র্যাবের সদস্যরাও থাকবেন। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।গত মঙ্গলবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে শিক্ষক, সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। ঘটনার দিন রাতেই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে। ঘটনা তদন্তে ১১ সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কমিটির সদস্যসচিব কাজী আসাদুজ্জামান জানান, তদন্ত শেষে আট থেকে ১০ দিনের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন উপাচার্যের কাছে দেওয়া হবে।জানা গেছে, সংঘর্ষের পর ছাত্রলীগের নেতা-কর্মীরা আজ ক্যাম্পাসে ঢুকবেন। নিজেদের আধিপত্য ধরে রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন জ্যেষ্ঠ কয়েকজন নেতা। গতকাল ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী বিষয়টি নিশ্চিত করে আশঙ্কা করেন, সংগঠনকে এভাবে নেতৃত্বশূন্য রাখা বিপজ্জনক। এ কারণে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক জ্যেষ্ঠ নেতা ওমর ফারুক বলেন, ‘শিগগিরই নতুন কমিটি দরকার। কারণ, কমিটি বিলুপ্ত হওয়ার পর ছাত্রলীগে এখন কোনো শৃঙ্খলা নেই। তার পরও আমরা ক্যাম্পাস শান্ত রাখতে সব রকমের চেষ্টা করব।’খোঁজ নিয়ে জানা যায়, নতুন কমিটিতে পদ পেতে দৌড়-ঝাঁপ শুরু করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা, সাংসদ, মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীর দপ্তরেও তদবিরে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। অনেকে আবার ছাত্রত্ব বাঁচাতে বিভিন্ন কৌশলও নিচ্ছেন।ছাত্রলীগের আরেক জ্যেষ্ঠ নেতা সৈকত বিন আকবর বলেন, ‘যাঁরা সংগঠনের জন্য কাজ করেছেন, ত্যাগ স্বীকার করেছেন এবং যাঁদের ছাত্রত্ব আছে, তাঁদের দিয়েই কমিটি করা উচিত।’