স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, হরতালের নামে যারা দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। গতকাল বুধবার সন্ধ্যায় আওয়ামী আইনজীবী পরিষদ গাজীপুর বার শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, বিএনপির আমলে আইনজীবীদের বিরুদ্ধে তৈরি করা কালো আইন বাতিল করা হয়েছে। বর্তমান সরকার বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা ও বয়স্ক ভাতা বৃদ্ধি করেছে, কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করেছে। মহিলাদের জন্য মাতৃত্বকালীন ভাতার প্রবর্তন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ৫০ জন গরিব নারীকে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।গাজীপুর জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি মো. নূরুল আমিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আবু। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক, সাবেক সাংসদ মো. আক্তারুজ্জামান, মমতাজ উদ্দিন মেহেদী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লাহ খান, মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, হুমায়ুন কবীর, হারিজ উদ্দিন আহমেদ, আমজাদ হোসেন, শামসুল আলম প্রধান প্রমুখ।