বিশৃঙ্খলাকারীদের কঠোর হাতে দমন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ২৫ অক্টোবর বা তারপর যারা মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার অপচেষ্টা করবে তাদের সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে। আন্দোলনের নামে কোনো বিশৃংখলা সৃষ্টি করলে তা কঠোরভাবে দমন করা হবে।
তিনি বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো নির্বাচন। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচন যথাসময়ই অনুষ্ঠিত হবে। বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, সেই নির্বাচনে আপনি অংশগ্রহণ করবেন কি করবেন না, তা আপনার বিষয়। তবে জনগণের ভোটাধিকার প্রয়োগে বাধা দিলে সর্বাত্মক শক্তি দিয়ে তা প্রতিহত করা হবে। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে ফেনীর ফুলগাজীতে নবনির্মিত থানা ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় হেফাজতের সমাবেশে ৬৩৮টি পবিত্র কোরআন শরিফ পোড়ানো হয়। যাঁরা নিজেদের মুসলমান বলে দাবি করেন তাঁরা এই পবিত্র কোরআন শরিফ পুড়িয়েছেন। আর তাঁদের সমর্থন দিয়েছেন বেগম জিয়া।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাঁরা নিজেদের স্বার্থ চরিতার্থে দুর্বৃত্তদের সহযোগিতা করে তাদের আমাদের সামাজিক ও রাজনৈতিক জীবন থেকে সরিয়ে দিতে হবে।’ হেফাজত নেতা শাহ আহমদ শফী নারীকে তেঁতুলের সঙ্গে তুলনা করে দেশের নারীসমাজ ও মা-বোনকে অপমান করেছেন। রাসুল (সা.)-এর মদিনা সনদে নারীদের যে সমান অধিকার দেওয়া হয়েছে শফীর বক্তব্য তার সুস্পষ্ট লংঘন।
ফেনী পুলিশ সুপার পরিতোষ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহম্মেদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. নওশের আলী, ডিআইজি হেডকোয়ার্টার মো. আবুল কাশেম, ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার ও ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন ফেনী অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক।