কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারি, অ্যাম্বুলেন্স ভাঙচুর ও বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে উপাচার্য মো. আলী আশরাফের সভাপতিত্বে দুপুর ১২টায় এ বৈঠক শুরু হয়। এতে কোষাধ্যক্ষ কুন্ডু গোপীদাস, রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার, ডিন মোহাম্মদ সৈয়দুর রহমান, বিশ্বজিৎ চন্দ্র দেব ও মাসুদা কামাল, প্রক্টর মোহাম্মদ আইনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের হোটেলে দুই ছাত্রের মধ্যে মারামারি, ছাত্রলীগের দুই পক্ষের মহড়া, বহিরাগত ব্যক্তিদের অনুপ্রবেশ এবং বুধবার বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স ভাঙচুর ও কলা অনুষদ ভবনের নির্মাণকাজে বহিরাগত ব্যক্তিদের বিশৃঙ্খলা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এ সময় উপস্থিত সবাই আইনশৃঙ্খলা বিঘ্নকারী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য উপাচার্যকে অনুরোধ করেন। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য মত প্রকাশ করা হয়। পরে উপাচার্য সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রক্টরকে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেন।
উপাচার্য মো. আলী আশরাফ বলেন, দুষ্কৃতকারীরা শিক্ষার পরিবেশ ব্যাহত করার জন্য নানা তৎপরতা চালাচ্ছে। কঠোর হস্তে এদের দমন করা হবে।