যেকোনো নারীই স্তন ক্যানসারে আক্রান্ত হতে পারেন, আর বয়স বাড়লে এ রোগের ঝুঁকি বাড়তে থাকে। তবে ২০ বছরের কম বয়সে বিয়ে এবং ৩০ বছরের বেশি বয়সে প্রথম সন্তান ধারণ বন্ধ করা গেলে এই ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়। সেই সঙ্গে এই স্তন ক্যানসার নিরাময়যোগ্যও। প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিতে হবে।আন্তর্জাতিক স্তন ক্যানসার-সচেতনতা মাস উদ্যাপন উপলক্ষে গতকাল শনিবার মিরপুরে ঢাকা আহছানিয়া মিশন ক্যানসার নির্ণয়কেন্দ্রে এক আলোচনা সভায় বক্তারা এসব তথ্য জানান। পরে হাসপাতালে মাসব্যাপী স্তন ক্যানসারসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।ঢাকা আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যানসার নির্ণয়কেন্দ্র ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট (অব.) সৈয়দ ফজলে রহিম। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ (সদর)-এর সাংসদ এম এ জব্বার।সভায় বক্তারা বলেন, দেশে স্তন ক্যানসারে আক্রান্ত নারীর সংখ্যা প্রায় ১৬ শতাংশ এবং মৃত্যুর হার হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে। আর ৫০ বছর বয়সী ক্যানসারে আক্রান্ত নারীদের তিন-চতুর্থাংশ স্তন ক্যানসারে আক্রান্ত।বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার রফিক-উল হক বলেন, ডায়াবেটিস একেবারে নিরাময় হয় না, দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু ক্যানসার একেবারে নিরাময় করা যায়।অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, সঠিক সময়ে রোগ নির্ণয় করে চিকিৎসা নিতে পারলে স্তন ক্যানসার নিরাময় করা সম্ভব।আয়োজকেরা জানান, হাসপাতালের মাসব্যাপী সেবা কার্যক্রম ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত চলবে। যেসব নারী স্তনের সমস্যায় ঝুঁকির মধ্যে আছেন, তাঁদের বিনা মূল্যে পরামর্শসেবা দেবেন নারীচিকিৎসকেরা। প্রয়োজনে তাঁদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়া হবে। এ ছাড়া স্তন ক্যানসারের অস্ত্রোপচার, ম্যামোগ্রাফিসহ স্তন স্ক্রিনিংয়ে ৩০ শতাংশ ছাড় থাকবে। রয়েছে স্বল্পমূল্যে স্তন টিউমার অস্ত্রোপচারের ব্যবস্থা। স্তন ক্যানসারের যেকোনো সমস্যায় ৯০০৮৯১৯, ০১৭১৮৫৯৪৬৮২ ও ০১৭১২১০৩৬৮৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন আয়োজকেরা।আলোচনায় অংশ নেন ক্যানসার বিশেষজ্ঞ মাহাবুব-উল আলম, সার্জারিক্যাল অনকোলজিস্ট হারুন-অর রশিদ, সাবেক স্বাস্থ্যসচিব ও আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালের উপদেষ্টা মোহাম্মদ আলী এবং প্রকল্প পরিচালক চিকিৎসক মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগীতশিল্পী পারভীন মুশতারী।