শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেছেন, ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশের ৫০০ স্থানে জঙ্গিবাদীদের বোমা হামলা এবং রোববারের বোমা হামলা একই সূত্রে গাঁথা। দেশে বিশেষ অবস্থা সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন খালেদা জিয়া। তিনি নতুন স্বপ্নে বিভোর।আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে গতকাল সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। ২০০৯ সালের ২৪ জুলাই আওয়ামী লীগের কাউন্সিলের পর তোফায়েল এই প্রথম দলের আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলনে বক্তব্য দিলেন।তোফায়েল আহমেদ বলেন, সুপরিকল্পিতভাবে রোববার সারা দেশে অরাজকতা করে বিশেষ অবস্থা সৃষ্টির ষড়যন্ত্র ছিল। খালেদা জিয়া অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিতে চান। এটি রাজনীতিবিদসহ কারও জন্যই মঙ্গলজনক হবে না। তিনি বলেন, এ অবস্থায় সবাইকে সংগঠিত হতে হবে। কারণ, একটি অশুভ শক্তি দেশের স্বাধীনতা ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রোববার ছিল এর প্রাথমিক লক্ষণ। ভবিষ্যতেও তারা এ রকম কিছু করতে চাইবে।আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, ২০০৮ সালে নির্বাচনের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না খালেদা জিয়া। আর সেই পরাজয়ের প্রতিশোধ নিতে রোববার পরিকল্পিতভাবে বোমাবাজি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। তিনি বলেন, জাতির দুর্ভাগ্য যে কে মুক্তিযোদ্ধা, কে মুক্তিযোদ্ধা নন, সেটার সার্টিফিকেট খালেদা জিয়ার কাছ থেকে নিতে হচ্ছে। বেগম জিয়া মুক্তিযুদ্ধের সময় একটা বিশেষ অবস্থানে ছিলেন। ওই অবস্থানে থেকে কে মুক্তিযুদ্ধ করেছেন আর কে করেননি, সেটা তাঁর জানার কথা নয়।তোফায়েল আহমেদ আবেগতাড়িত কণ্ঠে বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় থাকতে কাশিমপুর কারাগার থেকে আমাকে কুষ্টিয়া কারাগারে পাঠানোর সময় একই ফেরিতে আমি বসেছিলাম হাতকড়া পরা অবস্থায়, আর চিহ্নিত যুদ্ধাপরাধী আলী আহসান মুজাহিদের গাড়িতে ছিল রক্তস্নাত পতাকা। এটা যে কত বড় লজ্জা ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে খালেদা জিয়ার বিশ্বাসঘাতকতা, তা দেশের মানুষ ভালো করেই জানে।’মাহবুব উল আলম হানিফ বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে বলেন, ‘হত্যা, গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির পথ পরিহার করুন। দেশের মানুষের জন্য সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সংগ্রামকে বাধাগ্রস্ত করবেন না।’ তিনি অস্থিতিশীলতা সৃষ্টি, গণতন্ত্র নস্যাৎ, জনগণের শান্তিপূর্ণ জীবনধারা ও উন্নয়ন ব্যাহত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।