বিশেষ অভিযানে আট জেলায় গ্রেপ্তার ১৯১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর ‘বিশেষ অভিযান’ অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আট জেলায় পরিচালিত অভিযানে ১৯১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২১ জন বিএনপির ও ৫৩ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মী। এ ছাড়া বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ৮৫ জনকে। গ্রেপ্তার ব্যক্তিদের সবাইকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দেশে স্থিতিশীল পরিবেশ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে বলে সরকার দাবি করছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা।
পিরোজপুর: সাত উপজেলার সব কটিতে অভিযান চালিয়ে পুলিশ ৪৫ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে রয়েছেন বিএনপির ছয় ও জামায়াত-শিবিরের নয়জন। অপর ৩০ জন বিভিন্ন মামলার আসামি। জামায়াতের গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ভান্ডারিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোফাজ্জেল হোসেন।
সাতক্ষীরা: জেলার আট থানা থেকে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিএনপির ১, জামায়াত-শিবিরের ১৯ ও নিয়মিত মামলার আসামি ২১ জন। সদর থানা থেকে ১৭ জন, কলারোয়া থেকে ৯, তালা থেকে ২, কালীগঞ্জে ৫, আশাশুনিতে ৪, দেবহাটায় ২ ও পাটকেলঘাটা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি মো. দেলোয়ার হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।
মেহেরপুর: জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ২৭ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে বিএনপির ৭ ও জামায়াত-শিবিরের ২০ নেতা-কর্মী রয়েছেন।
ঝিনাইদহ: ঝিনাইদহে জামায়াতের দুই কর্মীসহ বিভিন্ন মামলায় ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামায়াতের কর্মীরা হলেন জাহাঙ্গীর হোসেন (৫০) ও আবদুল আজিজ (৫৫)।
চুয়াডাঙ্গা: পৌর জামায়াতের আমির মফিজুর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। চলতি বছরের ২১ জানুয়ারি সদর থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
জামালপুর: সদর উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বিএনপি ও জামায়াতের কর্মীসহ বিভিন্ন মামলার আসামি ৩৩ জন এবং চারজন কথিত হিজবুত তাওহীদের সদস্য। গতকাল আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যশোর: অভয়নগর উপজেলার বিভিন্ন স্থান থেকে ইউনিয়ন পরিষদের সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজন বিএনপির ও একজন জামায়াতের। বাকি দুজন অন্যান্য মামলার আসামি।